
শেষ আপডেট: 5 January 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি আগেই প্রকাশ করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। গত ১২ ডিসেম্বর সিবিএসই-র তরফে প্রকাশিত ওই পরীক্ষা সূচিতে কিছু বদল আনা হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।
তারই জেরে শুক্রবার সিবিএসই-র তরফে পরীক্ষার নয়া নির্ঘণ্ট জানানো হয়েছে। সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন পরীক্ষার্থীরা।
তবে সূচির সামান্য বদল ঘটলেও পরীক্ষা শুরুর দিনে কোনও পরিবর্তন হচ্ছে না। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা সূচিতে কী কী বদল আনা হল?
বোর্ড সূত্রে জানানো হয়েছে, দশমের টিবেটান পরীক্ষা ৪ মার্চের পরিবর্তে নেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি। একইভাবে দশমের রিটেল পরীক্ষা ১৬ ফেব্রুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি হবে । দ্বাদশের ফ্যাশন স্টাডিজ পরীক্ষা হবে মার্চের ২১ তারিখ।
বিস্তারিত জানতে হলে প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in –এ যেতে হবে। হোম পেজেই রয়েছে Examination লেখা আলাদা অপশন। ওই অপশনে স্ক্রিনে ভেসে উঠবে দশম এবং দ্বাদশের সূচির তালিকা। যে ক্লাসের রুটিন দেখতে চাইছেন সেখানে ক্লিক করলে দেখা যাবে বিস্তারিত সূচি।