
শেষ আপডেট: 15 November 2023 14:48
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ। বুধবার সাত সকালে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কলকাতার মানিকতলা এলাকায়। ঘটনাটিতে মৃত্যু হয়েছে এক গ্যারাজ মেকানিকের। ঘটনাটির তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ। ঠিক কোন কারণে মৃত্যু হয়েছে যুবকের, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য।
মৃত যুবকের নাম অনিল রজক। বছর সাতচল্লিশের অনিল পেশায় মোটর মেকানিক। বুধবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর সহকর্মীদের দাবি, অনিলকে মারধর করা হয়েছিল। সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও পরিবারের তরফে এবিষয়ে কোনও অভিযোগও দায়ের হয়নি। সেই প্রেক্ষিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা অনিল বাগমারি রোডের একটি গ্যারাজে কাজ করতেন। বুধবার সকালে পেটে ভীষণ ব্যথা নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিল। তাঁর ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছনোর পরই পরই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে অনিলের মৃত্যতে ক্ষোভে ফেটে পড়েন তাঁর গ্যারজের সহকর্মীরা। অভিযোগ, সাট্টা ও জুয়ার প্রতিবাদ করায় মঙ্গলবার সুকুমার দাস ও শিবা নামে দুই ব্যক্তি গ্যারাজে ঢুকে মারধর করে অনিলকে। সেই আঘাতেই পেটে ব্যথা বাড়তে থাকে তাঁর। এবং তাতেই অনিলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের। যদিও অনিল এবিষয়ে পরিবারকে কিছু জানায়নি বলেই পরিবারের ধারণা হয়েছে পেট ব্যথাতেই অনিলের মৃত্যু হয়েছে। সেকারণেই পরিবারের তরফেও কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে দাবি সহকর্মীদের।