.webp)
শেষ আপডেট: 14 February 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা। বুধবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
এদিন থেকেই রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। আগামী ৫ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। সারা দেশে এই মুহূর্তে সিভিল সার্ভিসে ১ হাজার ৫৬টি শূন্যপদ রয়েছে। পরীক্ষার মাধ্যমে এই শূন্যপদ পূরণ করা হবে।
কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। যেকোনও শাখার স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারেন। একজন সাধারণ পরীক্ষার্থী সর্বোচ্চ ৬ বার এই পরীক্ষায় বসতে পারেন।
এই পরীক্ষা মূলত হয়ে থাকে তিনটি ধাপে। প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ।
প্রিলিমিনারি পরীক্ষায় দুটি কম্পালসরি বিষয়ে পরীক্ষা হয়ে থাকে। প্রতিটি পরীক্ষা হয় ২০০ নম্বরের। উভয় পত্রই অবজেক্টিভ টাইপের প্রশ্নপত্রের উত্তর দিতে হয়। ২ ঘণ্টার এই পরীক্ষায় দুটি ভাষায় প্রশ্নপত্র থাকে। ইংরেজি এবং হিন্দিতে।
মেন পরীক্ষায় ভাষার ওপর দুটি পরীক্ষা হয়। প্রতিটি ৩০০ নম্বরের। এছাড়াও প্রার্থীর মেধা পরীক্ষা করার জন্য পাঁচটি বিষয়ে পরীক্ষা হয়। এর মধ্যে চারটি আবশ্যিক এবং একটি ঐচ্ছিক বিষয় থাকে। প্রতিটি ২৫০ নম্বরের। সেখানে কৃতকার্য হলে পার্সোনালিটি টেস্টের জন্য ২৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এরপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
প্রসঙ্গত, প্রতি বছরই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা নেয়। এই পরীক্ষার মাধ্যমে আইএএস, আইএফএস, আইপিএস-এর মতো বিভিন্ন চাকরিতে আধিকারিক নিয়োগ করা হয়।