.webp)
ভারতীয় মহিলা টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর
শেষ আপডেট: 22 October 2024 15:06
দ্য ওয়াল ব্য়ুরো: চলতি বছর দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল। এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যে মহিলা টি-২০ ক্রিকেটে জনপ্রিয়তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে মহিলাদের এই ক্রিকেট নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬ কমনওয়েলথ গেমস থেকে মহিলা ক্রিকেটকে বাদ দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের কারণে ভারতীয় মহিলা ক্রিকেট দল একটা বড়সড় ধাক্কা খেয়েছে।
২০২২ সালে আয়োজিত কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলাকে এই টুর্নামেন্টে যোগ করা হয়েছিল। মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই টুর্নামেন্ট যথেষ্ট উপভোগ করেছিলেন। ২০২৬ সালে স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে। কিন্তু, এই টুর্নামেন্টে ক্রিকেট খেলাকে আর রাখা হয়নি। শুধুমাত্র ক্রিকেটই নয়, মোট ১২টি খেলাকে এই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তার বদলে বার্বাডোজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল।
২০২২ সালে ভারত এবং অস্ট্রেলিয়াকে একটাই গ্রুপে রাখা হয়েছিল। অন্যদিকে, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড অপর গ্রুপে ছিল। এই চারটে দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। সোনার পদক জয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হয়েছিল ভারতকে। যদিও শেষপর্যন্ত হেরে যায় টিম ইন্ডিয়া। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ভারত এই টুর্নামেন্টে রুপোর পদক জয় করেছিল।
এবারের টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারার পর সেমিফাইনালের দরজা খুলতে পারেনি ভারতের মহিলা ক্রিকেট দল। এমনকী, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ দাবি করেছেন যে হরমনপ্রীত কাউরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। তিনি জেমিমা রডরিগসকে টিম ইন্ডিয়ার আগামী অধিনায়ক হিসেবে মনোনীতও করেন।