সাদা বলের ক্রিকেটে রোহিতের রেকর্ড খুবই ভাল। সত্যি বলতে, দলে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাকে অধিনায়ক না দেখাটা একটু অবাক করার মতো।

হরভজন সিং ও রোহিত শর্মা
শেষ আপডেট: 4 October 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা একটা ছিলই, তবে কেউই ভাবেননি আসন্ন অস্ট্রেলিয়ার সফরেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের ওডিআই অধিনায়ক আর রোহিত শর্মা (Harvajan Sing) নন, তিনি অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত একদিনের স্কোয়াডে (India ODI Squad) রয়েছেন একজন সাধারণ ক্রিকেটার হিসাবে।
রোহিত শর্মার স্থলাভিষিক্ত হয়ে ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন শুভমান গিল। ধোনির পরে যেমন তরুণ কোহলিকে অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল, তেমনই রোহিতের পরে তরুণ গিলকে অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।
৩৮ বছর বয়সি রোহিতকে ওডিআই অধিনায়কত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে উত্তেজনার পাশাপাশি আলোচনারও জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তে কিছুটা হলেও অবাক হয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। নতুন অধিনায়ক গিলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি রোহিতের কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন।
হরভজন জিওহটস্টারে বলেছেন, "প্রথমত, শুভমান গিলকে অভিনন্দন। টেস্টে সে খুব ভালভাবে দলের নেতৃত্ব দিয়েছে এবং এখন তাকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হবে, কারণ সে আগে কখনও ওয়ানডে দলের নেতৃত্ব দেয়নি।"
তবে, ভারতের এই প্রাক্তন অফ-স্পিনার রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক পদ থেকে অপসারণের বিষয়ে বলেছেন, এই সিদ্ধান্তটি কিছুটা অবাক করার মতো, কারণ সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার দুর্দান্ত রেকর্ড রয়েছে। ভাজ্জি বলেন, "সাদা বলের ক্রিকেটে রোহিতের রেকর্ড খুবই ভাল। সত্যি বলতে, দলে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাকে অধিনায়ক না দেখাটা একটু অবাক করার মতো। এত তাড়াতাড়ি কেন রোহিতকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল?"
হরভজন সিং আরও বলেন, রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফি-সহ অসংখ্য টুর্নামেন্টে ভারতকে জয় এনে দিয়েছেন। তিনি এখনও ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। হরভজন মনে করেন, তাঁকে যখন অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিতই করা হল, তাহলে কেন অধিনায়ক হিসাবে নয়।
হরভজন গিলের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, "গিল খুবই প্রতিভাবান, কিন্তু যদি তাকে ৬-৮ মাস বা এক বছর পর দায়িত্ব দেওয়া হতো, তাহলেই ঠিক হতো। ২০২৭ বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি।"