Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণায় আগরকরের পাঁচ দাওয়াই, যা বদলে দিতে পারে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ!

রোহিত-বিরাটের সাফল্যের অধ্যায় ধীরে সরে যাচ্ছে আর শুভমানদের তারুণ্য আঁকছে টিম ইন্ডিয়ার পরবর্তী নকশা। 

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণায় আগরকরের পাঁচ দাওয়াই, যা বদলে দিতে পারে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ!

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 October 2025 19:22

দ্য ওয়াল ব্যুরো: একদিনে যেন ভারতীয় ক্রিকেটের গোটা রূপরেখা বদলে গেল। খানিকটা অপ্রত্যাশিতভাবে! শনিবার অজিত আগরকর (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ঘোষণা করল অস্ট্রেলিয়া সফরের (Australia Tour) জন্য ভারতের ওয়ানডে ও টি-২০ দল। আর সেই ঘোষণার সঙ্গেই সামনে এল একের পর এক সিদ্ধান্ত, যা শুধু দলের গঠন নয়, ভবিষ্যতের দিকনির্দেশকও হতে চলেছে। নেতৃত্বে বদল, অভিজ্ঞদের ভূমিকা, তরুণদের অপেক্ষা—সব মিলিয়ে আগরকরের পাঁচ ঘোষণা হয়তো পরবর্তী প্রজন্মের ভারতীয় ক্রিকেটের মানচিত্র এঁকে দিতে পারে!

১. নেতৃত্বে বদল: রোহিত যুগ শেষ, শুভমান অধ্যায়ের সূচনা

যা হবার ছিল, তাই হল। ওয়ানডে দলের (ODI) নেতৃত্ব গেল শুভমান গিলের (Shubman Gill) হাতে। টেস্টে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই আন্দাজ করা যাচ্ছিল—স্রেফ সময়ের অপেক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতিয়েও অধিনায়কত্ব টিকল না রোহিত শর্মার (Rohit Sharma)। আগরকরের যুক্তি যদিও সোজাসাপ্টা—তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখা বাস্তবসম্মত নয়! যে কারণে এবার থেকে টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই কার্যত ‘এক নেতা, এক দিশা’!

আর এতেই শুভমানের জন্য খুলে গেল নতুন দরজা। গত ইংল্যান্ড সফরে টেস্টে তাঁর একের পর এক দুরন্ত ইনিংস নেতৃত্বের যোগ্যতার প্রমাণ। আগরকরের ভাষায়, ‘ও টানা সহ-অধিনায়ক ছিল। ওর মধ্যে আমরা ভবিষ্যতের অধিনায়ককে দেখেছি!’ গিলের ডেপুটি হিসেবে মনোনীত শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), যা তাঁকে আগামী দিনে ‘হোয়াইট বল’ ক্রিকেটের সম্ভাব্য নেতা হিসেবেও তুলে ধরছে।

২. রোহিত- বিরাটের ভবিষ্যৎ প্রশ্নে ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’

ঘোষণার দিনটা যতটা উত্তেজনাপূর্ণ, ততটাই অনিশ্চয়তায় ভরা। রোহিত ও বিরাট কোহলি (Virat Kohli)—দু’জনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিল প্রবল। আগরকর অবশ্য বিষয়টি ‘ওপেন-এন্ডেড’ রেখেছেন। তাঁর কথায়, ‘ওরা এখনও আমাদের পরিকল্পনায় রয়েছে। তবে ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা ঠিক নয়!’ ইতিমধ্যে দু’জনকেই মাঝেসাঝে ঘরোয়া টুর্নামেন্ট, যেমন: বিজয় হজারে ট্রফি (Vijay Hazare Trophy) খেলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ধার বজায় থাকে। অর্থাৎ, ‘ট্রানজিশন’ চলছে, তবে ধীরে ধীরে, পরিকল্পনা মেনে!

৩. বাদ রবীন্দ্র জাদেজা, জায়গা পেলেন সুন্দর ও অক্ষর

সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত সম্ভবত এটাই। জাদেজা (Ravindra Jadeja) বাদ, তাঁর বদলে সুযোগ পেলেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। আগরকরের ব্যাখ্যা, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে দুই বাঁ-হাতি স্পিনার নিয়ে যাওয়া যুক্তিযুক্ত নয়। ভারসাম্য রাখতেই সুন্দর ও কুলদীপকে (Kuldeep Yadav) রাখা হয়েছে!’ এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে—জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ এখন ঘোরতর অনিশ্চিত। কারণ, ২০২৭-এর বিশ্বকাপ (ODI World Cup 2027) হবে দক্ষিণ আফ্রিকা-নামিবিয়া-জিম্বাবোয়েতে, যেখানে পেস-বান্ধব উইকেটে একাধিক স্পিনার নিয়ে যাওয়া কঠিন। ফলে জাড্ডু সম্ভবত বিমানের টিকিট পাবেন না।

৪. তরুণদের অপেক্ষা: তিলক ও অভিষেক ‘ওয়েটলিস্টে’

এশিয়া কাপে (Asia Cup 2025) চমক দেখান তিলক বর্মা (Tilak Varma) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। ফলে অনুমান ছিল, অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে তাঁদের দেখা যেতে পারে। কিন্তু আপাতত তাঁরা ‘ওয়েটলিস্টে’।  নির্বাচকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিজ্ঞতার সঙ্গে ভারসাম্য রাখতে দুজনকে ভারতীয় ‘এ’ (India A) দলের হয়ে খেলতে হবে।

৫. টি-২০ দলে স্থিতাবস্থা: বিশ্বকাপের পথে চূড়ান্ত দল গড়ার ইঙ্গিত

অস্ট্রেলিয়া সফরের টি-২০ দলে তেমন কোনও পরিবর্তন নেই। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) চোটের কারণে বাইরে, কিন্তু বাকি টিম অপরিবর্তিত। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অধিনায়ক, শুভমান সহ-অধিনায়ক। বুমরাহ (Jasprit Bumrah) থাকছেন পেস আক্রমণের নেতৃত্বে। আগরকরের মন্তব্যই সব বুঝিয়ে দিয়েছে—‘এখন দল নিয়ে পরীক্ষা নয়, প্রস্তুতি!’ অর্থাৎ, আগামী ফেব্রুয়ারির ঘরের মাঠের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) নিয়েই পূর্ণ মনোযোগ।

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, আগরকরের কমিটি শুধু দল ঘোষণা করেনি, এক নয়া দিকনির্দেশও বুনে দিয়েছে। যেখানে রোহিত-বিরাটের সাফল্যের অধ্যায় ধীরে সরে যাচ্ছে আর শুভমানদের তারুণ্য আঁকছে টিম ইন্ডিয়ার পরবর্তী নকশা। বোর্ডও তাই ‘পরিবর্তন নয়, পরিকল্পিত রূপান্তর’ মেনেই চলতে আগ্রহী।


```