
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ
শেষ আপডেট: 5 September 2024 18:43
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৯ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠক বেঙ্গালুরুতে আয়োজন করা হবে। বিসিসিআই-এর বর্তমান সচিব জয় শাহ আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসি'র নয়া চেয়ারম্যান হিসেবে কার্যভার গ্রহণ করবেন। এই পরিস্থিতিতে বিসিসিআই-এর সচিব পদক খালি হয়ে যাবে। আশা করা হচ্ছে, আগামী ২৯ সেপ্টেম্বর আয়োজিত এই বৈঠকে বোর্ডের নয়া সচিবের নাম ঘোষণা করা হতে পারে।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রতিটা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, এই বার্ষিক সাধারণ বৈঠকের পরই নতুন সচিবকে নির্বাচন করা হবে। তবে আপাতত এই বিষয়টা অ্যাজেন্ডায় রাখা হয়নি। ফলে ২৯ সেপ্টেম্বর নতুন সচিবেন নাম ঘোষণা না'ও করা হতে পারে। সেকারণেই নতুন সচিব নির্বাচনের জন্য একটা বিশেষ বৈঠকের আয়োজন করা হতে পারে।
১৮ পাতার এই অ্যাজেন্ডায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আইসিসি-তে কাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হতে পারে, সেটা একটা বড় ইস্যু হতে পারে। এই পরিস্থিতিতে বোর্ডের পক্ষ থেকে এমন একজনের নাম প্রস্তাব করা হবে যিনি আইসিসি বৈঠকের সঙ্গে যথেষ্ট ভালোভাবে পরিচিত।
এখানে একটা বিষয়ের উপর নজর রাখতে হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই বার্ষিক বৈঠক রজার বিনির বাসস্থান অর্থাৎ বেঙ্গালুরুতে আয়োজন করা হচ্ছে। এই কারণে তাঁর সিদ্ধান্তও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বৈঠকের এই অ্যাজেন্ডায় আইপিএল টুর্নামেন্টও রাখা হয়েছে। এছাড়া ক্রিকেট কমিটি, স্ট্যান্ডিং কমিটি এবং আম্পায়ার কমিটি নিয়ে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।