
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 7 November 2024 15:36
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এই হারের পর রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, এই হারের কারণে রোহিত শর্মার সহ দলের চার সিনিয়রের উপর কোপ পড়তে পারে।
অনেকে তো আবার একথাও বলতে শুরু করেছেন যে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে রোহিতকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া দরকার। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অস্ট্রেলিয়া সফরে 'ক্যাপ্টেন' রোহিতকে শেষ সুযোগ দেওয়া দরকার। কিন্তু, যদি অস্ট্রেলিয়া থেকে খালি হাতে ফেরে টিম ইন্ডিয়া, তাহলে কি রোহিত নিজেই ছেড়ে দেবেন ক্যাপ্টেন্সি? এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে রোহিত যদি একান্তই অধিনায়কত্ব ছেড়ে দেন, তাহলে টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন? এই তালিকায় আপাতত ২ ক্রিকেটারের নাম উজ্জ্বল হয়ে রয়েছে।
রোহিত শর্মার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে যে দুটো নাম সবথেকে বেশি উজ্জ্বল হয়ে রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে জসপ্রীত বুমরাহের নাম। অস্ট্রেলিয়া সফরে তাঁকেই দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে। রোহিতের অনুপস্থিতিতে ইংল্যান্ডেও ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ।
তালিকায় দ্বিতীয় নামটা হল টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন ঋষভ। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও যখন টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেখানে ঋষভের ব্যাট থেকে প্রায় প্রতিটা ম্য়াচেই রান দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে টিম ম্য়ানেজমেন্ট তাঁর উপর ভরসা রাখতেই পারে।