
টিম ইন্ডিয়ার ওপেনার প্রতীকা রাওয়াল
শেষ আপডেট: 15 January 2025 15:13
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় মহিলা ক্রিকেট দলের তরুণ ওপেনার প্রতীকা রাওয়াল বুধবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী সেঞ্চুরির দৌলতেই টিম ইন্ডিয়া বিশাল টার্গেট সেট করেছে। রাজকোটে আয়োজিত তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় ক্রিকেট দল সর্বাধিক রান স্কোরবোর্ডে তুলেছে।
সাইকোলজির ছাত্রী প্রতীকা। পড়াশোনার পাশাপাশি ক্রিকেটেও নজরকাড়া পারফরম্যান্স করে চলেছেন তিনি। বুধবার (১৫ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানার সঙ্গে জুটি বেঁধে ২৩৩ রান করেছেন। টিম ইন্ডিয়ার এই ডানহাতি ব্যাটার গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। উল্লেখ্য, ভারতের ১৫০তম মহিলা ক্রিকেটার হিসেবে প্রতীকা টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন।
বুধবারের এই ম্যাচে প্রতীকা ১২৯ বলে ১৫৪ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ২০ চার এবং একটি ছক্কা বেরিয়ে এসেছে। প্রতীকার পাশাপাশি এই ম্যাচে অধিনায়ক স্মৃতি মান্ধানাও এই ম্যাচে ১৩৫ রান করেছেন। আর সেই সুবাদেই টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করেছে। এটাই একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সর্বাধিক স্কোর হিসেবে দাখিল হয়ে গেল।
পাশাপাশি উইকেটকিপার রিচা ঘোষ ৪২ বলে ৫৯ রান করেছেন। টিম ইন্ডিয়া ইতিপূর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই সর্বাধিক ৩৭০ রান করেছিল। গত ১২ জানুয়ারি রাজকোটেই আবার সেই ম্যাচের আয়োজন করা হয়। এবার নিজেই নিজের রেকর্ড ভেঙে দিল টিম ইন্ডিয়া।
২০০০ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন প্রতীকা রাওয়াল। ২০২১ সালে সিনিয়র মহিলা ওয়ানডে ট্রফি চলাকালীন তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। এই টুর্নামেন্টে প্রতীকা ৭ ম্যাচে মোট ২৪৭ রান করেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৪৯.৪০ এবং স্ট্রাইক রেট ৭৮.৪১। দিল্লির এই ডানহাতি ব্যাটার দেরাদুনের মহারানা প্রতাপ কলেজ গ্রাউন্ডে অসমের বিরুদ্ধে ১৫৫ বলে ১৬১ রান করেছিলেন। এরপর গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছিল। ওই ম্যাচে তিনি ১৯ চার এবং ৫ ছক্কা হাঁকিয়েছিলেন।