যদি পিচ কিছুটা মন্থর হয় বা বল পড়ে টার্ন নেয়, তবে তাঁর পরামর্শ—অভিষেককে শুরুতেই অফস্পিনে চেপে ধরা উচিত।

অভিষেক শর্মা
শেষ আপডেট: 21 September 2025 12:32
দ্য ওয়াল ব্যুরো: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় ব্যাটিং অর্ডারের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ওপেনে নেমেই থার্ড গিয়ারে। এখনও পর্যন্ত তিন ম্যাচে ৪৪ বল খেলে তুলেছেন ৯৯ রান, স্ট্রাইক রেট ২২৫। আগের পাকিস্তান ম্যাচে শাহিন শাহ আফ্রিদির (Shaheen Afridi) পয়লা বলই টেনে মারেন চার, দ্বিতীয় বল উড়িয়ে ছয়! এমন ধ্বংসাত্মক শুরুয়াত নিয়ে পাকিস্তান শিবিরও অস্বস্তিতে। প্রশ্ন একটাই—কোন বলে থামানো যাবে অভিষেককে?
রহস্য খোলসা করলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মিসবা-উল-হক (Misbah-ul-Haq)। জানালেন গোপন মন্ত্র। পিটিভি স্পোর্টসে (PTV Sports) প্রথমেই অভিষেকের প্রশংসা করে বলেন, ‘ও যেভাবে শুরু করে, পুরো দলের চাপ কমিয়ে দেয়। দ্রুত রান তোলে, আর স্পিন বা পেস—সমস্ত ধরনের বলই খেলতে পারে। অফ সাইড, অন সাইড—সব দিকেই বাউন্ডারি মারতে দক্ষ!’ তারপরই মিসবার সংযোজন: ‘অভিষেককে আউট করতে চাইলে অফ-স্টাম্প লক্ষ করে গুড লেংথে ইনসুইং করতে হবে। ওটাই একমাত্র উপায়!’
এখানেই থামেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। যদি পিচ কিছুটা মন্থর হয় বা বল পড়ে টার্ন নেয়, তবে তাঁর পরামর্শ—অভিষেককে শুরুতেই অফস্পিনে চেপে ধরা উচিত। সাইম আয়ুবের (Saim Ayub) নামও উল্লেখ করেন তিনি। মিসবার বক্তব্য, ‘শুধু রান আটকানোর চেষ্টা করলে হবে না। ঝুঁকি নিয়ে ওর উইকেট তুলতে হবে। না হলে ভারতকে চাপে ফেলা অসম্ভব। যেমন একসময় রোহিত শর্মাকে (Rohit Sharma) আউট করলে ম্যাচ ঘুরত, অভিষেককেও তেমন ধরতে হবে!’
অনুষ্ঠানে উপস্থিত আরেক প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik) জানালেন ভারতের আসল রসদের কথা। তাঁর মতে, বিরাট (Virat Kohli)–রোহিত যুগ শেষের পথে, তবু ভারতীয় ক্রিকেটে কোনও রকম ভাটা পড়েনি। এর কারণ প্রথম শ্রেণির ক্রিকেট (First-class cricket)। যা অবিরত প্রতিভা গড়ে চলেছে। মালিকের কথায়, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর, দ্রাবিড়, সেহওয়াগ, যুবরাজ—একটার পর একটা প্রজন্ম এসেছে। সিস্টেম কখনও বদলায়নি। ছোট দলের বিরুদ্ধে বেঞ্চ-শক্তিকে সুযোগ দেওয়া, ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখা—ভারত সবসময় হোমওয়ার্ক করেছে!’ মালিকের মন্তব্যের মধ্যেই মিসবা মুচকি হেসে যোগ করে দেন, ‘দেখুন, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) খেলছে না, ঋষভ পন্থ (Rishabh Pant) খেলছে না… তবু টিম ইন্ডিয়ার অগাধ শক্তি!’
রবিবার সুপার ফোরের (Super 4s, India vs Pakistan) মঞ্চে নজর থাকবে অভিষেকের ব্যাটে। পাকিস্তানের বোলাররা কি মিসবার দেখানো ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে পারবেন? নাকি আবারও প্রথম কয়েক ওভারেই ঝড় তুলবেন ভারতের তরুণ ওপেনার? আজ বাইশ গজেই এর উত্তর মিলবে।