.webp)
টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি
শেষ আপডেট: 12 October 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলে আর কবে কামব্যাক করবেন মহম্মদ সামি? বিষয়টি নিয়ে আগেই জলঘোলা শুরু হয়েছিল। কিন্তু, শুক্রবার (১১ অক্টোবর) রাতে নিউজিল্যান্ড টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হওয়ার পর থেকে, সেই আগুনে কার্যত ঘি পড়ছে। টিম ইন্ডিয়ার এই স্কোয়াডে রাখা হয়নি মহম্মদ সামির নাম।
কয়েকমাস আগে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, বাংলাদেশ টেস্ট সিরিজেই টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারেন মহম্মদ সামি। কিন্তু, তেমনটা দেখতে পাওয়া যায়নি। বরং তাঁর জায়গায় খেলতে নেমে বাংলা ক্রিকেট দলের অপর পেস বোলার আকাশ দীপ ইতিমধ্যে নজর কেড়েছেন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও স্কোয়াডে রাখা হল না সামিকে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ম্যাচ ফিট হতে মহম্মদ সামির আর কতদিন সময় লাগবে? ২০২৩ সালের নভেম্বর মাসে আয়োজিত একদিনের বিশ্বকাপের পর থেকে সামিকে আর টিম ইন্ডিয়ায় দেখতে পাওয়া যায়নি। এই টুর্নামেন্টে সর্বাধিক উইকেট শিকার করেছিলেন তিনি। তবে এখানে আরও একটা ব্যাপার রয়েছে। ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু সামিকে প্রথমে সুযোগ দেওয়া হয়নি। নেহাতই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে হার্দিক পান্ডিয়া চোট পেলেন এবং তাঁর জায়গায় সামিকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নেওয়া হল। বাকিটা ইতিহাস।
এখন প্রশ্ন হল, বর্ডার-গাভাসকার ট্রফিতে কি মহম্মদ সামিকে দেখতে পাওয়া যাবে? বছরের শেষ অ্যাওয়ে টেস্ট সিরিজ নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া একেবারেই সহজ হবে না। তাও আবার ওদের মাটিতে। সেক্ষেত্রে ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার যদি দলে থাকে, তাহলে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই উপরের দিকে থাকবে।
তবে এখানে আরও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। সামি ফিট হওয়ার পর টিম ইন্ডিয়ায় ফিরতে চাইলে, কার পরিবর্তে তাঁকে নেওয়া হবে। কারণ ভারতীয় ক্রিকেট দলের প্রধান পেস বোলার হিসেবে তো জসপ্রীত বুমরাহ থাকছেনই। থাকবেন মহম্মদ সিরাজও। অস্ট্রেলিয়ার উইকেটে ডেবিউ টেস্টেই নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছিলেন তিনি। এবার বাদ দিতে হলে আকাশ দীপকে দিতে হবে। বর্তমানে আকাশ দীপ যে ধারাবাহিক পারফরম্য়ান্স করে যাচ্ছেন, সেই জায়গায় বাংলা ক্রিকেটের এই পেসারকে ড্রপ করা কি ঠিক হবে? সেই উত্তর এখনও অবশ্য পাওয়া যায়নি।
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।