এদিনের দু’টির পর বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ক্যাচের সংখ্যা দাঁড়াল ৩৩৯। এক্ষেত্রে তিনি ছাড়িয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যালিসের (৩৩৮) রেকর্ড।

বিরাট কোহলি
শেষ আপডেট: 25 October 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: সিডনিতে চলছে অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যে তৃতীয় ওডিআই ম্যাচ (Australia vs India Third One Day)। এই ম্যাচে টসে হারলেও শুরু থেকেই কিন্তু দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। প্রথমে ভারতীয় বোলারদের দাপট ও তারপর বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটিতে জয়ের ভিত গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। গত দুই ম্যাচে খাতা খুলতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। তবে এদিন কিন্তু তিনি দুরন্ত ছন্দেই ব্যাট করছেন। পাশাপাশি বিরাট শনিবার একটি অনবদ্য কৃতিত্বও গড়েছেন।
প্রথম দুই ম্যাচে খাতা খুলতে না পারায় কিছুটা হলেও চাপে ছিলেন কোহলি, অন্তত বিশেষজ্ঞদের মতে। কিন্তু বিরাট বুঝিয়ে দিলেন, ফর্ম হল টেম্পোরারি, ক্লাশ পারমানেন্ট। বিরাটের ফিটনেস নিয়ে কোনও দিনই কথা ওঠেনি। এদিনও ফিল্ডিংয়ে তিনি বুঝিয়ে দিলেন, মাঠে তাঁর উপস্থিতি কতটা পার্থক্য গড়ে দেয়। সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে দারুণ দু’টি ক্যাচ (Catches) নিয়ে গড়লেন নতুন রেকর্ড। এক্ষেত্রে তিনি পিছনে ফেলে দিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে (Jacques Kallis)।
এদিনের দু’টির পর বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ক্যাচের সংখ্যা দাঁড়াল ৩৩৯। এক্ষেত্রে তিনি ছাড়িয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যালিসের (৩৩৮) রেকর্ড। কোহলি এখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ক্যাচধারীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর ওপরে রয়েছেন কেবল তিন কিংবদন্তি- মাহেলা জয়াবর্ধনে (৪৪০), রিকি পন্টিং (৩৬৪) ও রস টেলর (৩৫৪)।
বিরাটের প্রথম ক্যাচে আউট হন সেট ব্যাটার ম্যাথু শর্ট। ৫৬ রান করে তিনি স্কয়ার লেগে বিরাটের হাতে ক্যাচ তুলে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন। আর দ্বিতীয়বার লং-অফে হার্ষিত রানার বলে কুপার কনোলির (২৩) উড়ন্ত বলটি নিখুঁতভাবে তালুবন্দি করেন বিরাট।