এখনও পর্যন্ত জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের কোনও সরকারি ঘোষণা নেই। সর্বশেষ খেলতে দেখা গিয়েছে গত বছর আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

বিরাট কোহলি
শেষ আপডেট: 8 August 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফর শেষে ভারতের জাতীয় দল যখন ছুটিতে, তখন ফের নতুন করে আলোচনায় বিরাট কোহলি (Virat Kohli)। খেলার কারণে নয়। এবার চর্চার কেন্দ্রে তাঁর নতুন চেহারা। এই মুহূর্তে লন্ডনে (London) রয়েছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ছবিতে গায়ে ধূসর জিপ-আপ হুডি, হালকা ধূসর টি-শার্ট ও গাঢ় নীল জগার পরনে ধরা দেন কোহলি। কিন্তু পোশাকের চেয়েও বেশি নজর টানছে তাঁর কাঁচা-পাকা দাড়িগোঁফ (Kohli’s Beard)।
ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রবাসী ভারতীয় উদ্যোপতি শাস্শ (Shassh)। ছবির তলায় লেখা, ‘ক্যাপশনের দরকার নেই… কিং রাজা কোহলির সঙ্গে!’ এরপরই শুরু হয়েছে জল্পনা—এহেন নয়া অবতারেই কি মাঠে ফিরবেন বিরাট?
এখনও পর্যন্ত জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের কোনও সরকারি ঘোষণা নেই। সর্বশেষ খেলতে দেখা গিয়েছে গত বছর আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানেই তিনি এখনও পর্যন্ত শেষবার ভারতের হয়ে মাঠে নামেন। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। শুধু একদিনের ক্রিকেট এখনও চালিয়ে যাচ্ছেন বিরাট।
খেলার বদলে দাড়ি নিয়ে চর্চার কারণ তাঁর সাম্প্রতিক মন্তব্য। কিছুদিন আগে, আন্ডারসন-তেন্ডুলকর ট্রফি চলাকালীন লন্ডনে যুবরাজ সিংয়ের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে কোহলি বলেছিলেন, ‘দু’দিন-চারদিন অন্তর যখন দাড়িতে রং করতে হয়, তখন বোঝা যায় সরে যাওয়ার সময় আসন্ন!’
প্রসঙ্গত, চলতি মাসেই টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলতে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের কথা ছিল। সেখানেই বিরাট কোহলি ও রোহিত শর্মা জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন বলে খবর ছড়ায়। কিন্তু সেই সিরিজ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআই সূত্রে দাবি, দুই দলের আন্তর্জাতিক সূচি ও খেলোয়াড়দের চাপ বিবেচনা করেই এই সিদ্ধান্ত। বাংলাদেশ সফর না হওয়ায় দুই তারকার প্রত্যাবর্তন এখন অক্টোবরের আগে অসম্ভব। তখনই ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে। সেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা।
এরই মধ্যে চাউর হয়, অগস্টে শ্রীলঙ্কায় একটি ছোট সিরিজ খেলতে পারে ভারতীয় দল। কিন্তু সেই সম্ভাবনাও আপাতত বাতিল । রিপোর্ট মতে, দু’মাস ধরে চলা ইংল্যান্ড সফরের পরে দলের প্রায় সব খেলোয়াড়কেই সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে বিরাট-অনুরাগীদের পাখির চোখ এখন ক্যালেন্ডারের অক্টোবর মাসে!