
বিরাট কোহলি এবং স্যাম কনস্টাস
শেষ আপডেট: 26 December 2024 07:00
দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্ন টেস্টে শাস্তির মুখে পড়তে পারেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে তিনি ইচ্ছাকৃতভাবে কনুই দিয়ে ধাক্কা দেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ধাক্কার কারণে কনস্টাসের মনোসংযোগে কোনও প্রভাব পড়েনি। ডেবিউ টেস্টেই তিনি ঝকঝকে একটি হাফসেঞ্চুরি করেছেন।
শেষপর্যন্ত ৬০ রান করে তিনি আউট হয়ে ফিরে যান। হাঁকালেন ৬ চার এবং ২ ছক্কা। ইতিমধ্যে ২৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। প্রথম দিনের লাঞ্চ ব্রেকের ঘোষণাও করা হয়েছে। অস্ট্রেলিয়া আপাতত ১ উইকেট হারিয়ে ১১২ রান করেছে।
বক্সিং ডে টেস্টের সুর যে স্যাম কনস্টাস বেঁধে দিয়েছেন, তা বলা যেতেই পারে। এই ম্যাচের শুরু থেকেই তিনি ভারতীয় পেস বোলারদের টার্গেট করতে শুরু করেন। প্রসঙ্গত, কনস্টাস অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন।
সত্যি কথা বলতে কী, কনস্টাস যে ডেবিউ টেস্টেই এমন টি-২০ মেজাজে ব্যাটিং করবেন, সেটা একেবারে অকল্পনীয় ছিল। বিশেষ করে তাঁর সামনে জসপ্রীত বুমরাহকে একেবারে দিশেহারা দেখাচ্ছিল। বুমরাহের মতো একজন ফাস্ট বোলারকে তিনি সুইচ হিট করছিলেন এবং কিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন।
একটা সময় তো রোহিত শর্মাও কনস্টাসের জন্য কীভাবে ফিল্ডিং সাজাবেন, সেটা বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় কনস্টাসের মনোসংযোগ ভাঙতে এগিয়ে আসেন বিরাট কোহলি। বেশ কয়েকবার তিনি কড়া নজরে এই অজি ওপেনারের আত্মবিশ্বাস ভাঙতে চেয়েছিলেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত তিনি দুই ওভারের মাঝখানে কনস্টাসকে কনুই দিয়ে ধাক্কা মারেন। এক্ষেত্রে দোষ যে বিরাটেরই ছিল, সেটা সকলেই একবাক্যে স্বীকার করেছেন।
Virat Kohli shoulder-bumping a 19-year-old debutant, Sam Konstas? This is what 'aggression' looks like now? Unsportsmanlike and unnecessary. Respect the game, not just your ego. #AUSvsIND #BoxingDayTest #INDvAUS #BorderGavaskarTrophy #ViratKohli #ICC pic.twitter.com/ppj0x4xoHp
— i.itachi786 (@i_muneeb786) December 26, 2024
আগে যদি কেউ ম্যাচ চলাকালীন অপর ক্রিকেটারকে কনুই দিয়ে ধাক্কা মারতেন, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ ছিল। এমনকী, ওই ক্রিকেটারের ঝুলিতে ডিমেরিট পয়েন্টও যোগ হত। এই ম্যাচে রেফারি হিসেবে রয়েছেন অ্যান্ডি পাইক্রফট। এবার তিনি কী সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাই দেখার।
MCC-র নয়া নিয়ম অনুসারে, যদি কোনও ক্রিকেটার ইচ্ছাকৃতভাবে অপর ক্রিকেটারের শরীরে আঘাত করেন, তাহলে সেটা দ্বিতীয় লেভেলের শাস্তি হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে বিপক্ষ দলকে ৫ রান শাস্তি হিসেবে দেওয়া হয়। যদিও আম্পায়ার সঙ্গে সঙ্গেই সেই সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে অবশ্য তেমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।