
সপরিবারে লন্ডনেই পাকাপাকিভাবে থাকবেন বিরাট কোহলি?
শেষ আপডেট: 20 December 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি অধিকাংশ সময়ই লন্ডনে থাকতে ভালবাসেন। স্ত্রী অনুষ্কা এবং সন্তানদের সঙ্গে বেশ কয়েকবার তাঁকে লন্ডনে দেখতে পাওয়া গিয়েছে। একমাত্র ভারতে কোনও ম্যাচ থাকলেই বিরাটকে মুম্বইয়ে দেখতে পাওয়া যায়। চলতি বছর লন্ডনেই বিরাটের দ্বিতীয় সন্তান অকায়ের জন্মগ্রহণ হয়েছে। অনেকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছে যে স্ত্রী এবং সন্তানদের নিয়ে বিরাট এবার পাকাপাকিভাবে লন্ডনেই শিফট করবেন। কিন্তু, এবার এই জল্পনায় বাস্তবের রং লাগতে শুরু করেছে। কী হয়েছে গোটা ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।
ভারতের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক যথেষ্ট নিবিড়। জাতীয় ক্রিকেট দলের জার্সিতে তিনি একাধিক রেকর্ড কায়েম করেছেন। কিন্তু, এবার তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে লন্ডনে পাকাপাকিভাবে শিফট হবেন বলে শোনা যাচ্ছে। ভারত নয়, এবার বিরাটের নয়া ঠিকানা ব্রিটেন হতে চলেছে। কোহলির লন্ডন শিফট হওয়ার ব্যাপারে এবার বড়সড় ইঙ্গিত দিলেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। রাজকুমার ছোটবেলা থেকেই বিরাটের কোচিং করাচ্ছেন। বিরাটের ব্যাট ধরা থেকে শুরু করে সচিনের রেকর্ড ভাঙা পর্যন্ত রাজকুমার সবসময়ই কোহলির পাশে ছিলেন। কারণ রাজকুমারের কোচিংয়েই কোহলি আজ 'বিরাট' হতে পেরেছেন।
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রাজকুমার শর্মা। দৈনিক জাগরণকে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি বলেন, 'বিরাট খুব শীঘ্রই স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তানকে নিয়ে পাকাপাকিভাবে লন্ডনে বসবাসের পরিকল্পনা করছেন। ভারত ছেড়ে বিরাট লন্ডনেই পাকাপাকিভাবে বসবাস করবেন।' বিরাটের ছোটবেলার কোচ এমন মন্তব্য করার পর কোহলি সমর্থকরা রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন। কেন ভারত ছাড়তে চাইছেন বিরাট, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি বর্তমানে বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে ব্যস্ত। এই সিরিজের প্রথম ম্যাচে বিরাট সেঞ্চুরি করলেও, বাকি ম্যাচে তিনি আর তেমন ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। সেকারণে ইতিমধ্যেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে রাজকুমার শর্মা বললেন, '২০০৮ সাল থেকে বিরাট কোহলি যথেষ্ট ভাল পারফরম্যান্স করে আসছেন। শুধুমাত্র ২ ইনিংস বিচার করে বিরাটের ফর্ম নিয়ে সমালোচনা করা উচিত নয়। এই সিরিজে ও একটা তো সেঞ্চুরি করেই ফেলেছে। এই সিরিজে আর ক'জন ভারতীয় ব্যাটার শতরান করেছেন?' তাঁর আশা, বিরাট কোহলি শীঘ্রই নিজের বিধ্বংসী মেজাজে কামব্যাক করতে পারবেন। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচটা ভারতীয় ক্রিকেট দল মেলবোর্নে খেলতে নামবে। এই ম্যাচটি আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে।'