.jpg)
বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম
শেষ আপডেট: 19 November 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো: ১৮ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে মাত্র একজনের উপরেই রয়েছে প্রচারের যাবতীয় আলো। সংবাদপত্রের প্রথম এবং শেষ পাতায় বড়-বড় ছবি। আর ছবির পাশাপাশি বইছে প্রশংসার বন্যাও। আপাতত বিরাট কোহলির প্রশংসায় যাবতীয় বাঁধ ভাঙছে অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম।
ইতিপূর্বে কোনও টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ভারতীয় ক্রিকেটারদের দুর্বলতা বড় বড় হরফে তুলে ধরত। শব্দবাণে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস একেবারে ভেঙে দেওয়ার চেষ্টা করত। কিন্তু, সেই অস্ট্রেলিয়া সংবাদমাধ্য়মই এবার বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হওয়ার আগে বিরাট কোহলিকে 'কিং' আখ্যা দিয়েছে। কোহলির কামব্যাক স্টোরি নিয়ে একাধিক পাতা ভরিয়ে তুলছে। এই প্রশংসা বিরাট কোহলি সমর্থকরা হয়ত খুশি হতে পারে। কিন্তু, অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম আসলে একটা চক্রব্যুহ রচনা করছে। আর সেখানেই বিরাটকে তারা ফেলতে চায়।
অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম এমনি এমনিই বিরাটকে কিং তকমা দিচ্ছে না। ক্যাঙারু মিডিয়া খুব ভাল করেই জানে, কোহলি আপাতত যথেষ্ট চাপে রয়েছেন। চলতি বছরটা বিরাটের কাছে কোনও দুঃস্বপ্নের থেকে কম নয়। ২০২৪ সালে তিনি একটাই মাত্র হাফসেঞ্চুরি করতে পেরেছেন। এই ফায়দাই অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম তুলতে চায়। কারণ কোহলিকে বড় দেখিয়ে ক্যাঙারু মিডিয়া কোহলিকে আগে থেকেই চাপে ফেলতে চাইছে।
অস্ট্রেলিয়ার উইকেটে কোহলির 'বিরাট' পারফরম্যান্সের কথা মনে রেখেই আসলে ক্যাঙারু মিডিয়া ভয় পাচ্ছে। অস্ট্রেলিয়ায় আসতে না আসতেই বিরাটের খারাপ ফর্ম একেবারে ভ্যানিশ হয়ে যায়। এখানে কিং কোহলি ১৩ ম্য়াচের ২৫ ইনিংসে ৫৪-র ব্যাটিং গড়ে মোট ১,৩৫২ রান করেছেন। এরমধ্যে তাঁর ব্যাট থেকে ৬ সেঞ্চুরি এবং ৪ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।
তবে এবারের সিরিজটা কিং কোহলিকে আরও সাবধানে খেলতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ তাঁকে বুঝেশুনে খেলতে হবে। কারণ এই বর্ডার-গাভাসকার সিরিজে পারফরম্য়ান্স বিরাটের টেস্ট কেরিয়ারে প্রভাব ফেলতে পারে।
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।
রিজার্ভ ক্রিকেটার - মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আহমেদ।