2.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
শেষ আপডেট: 26 December 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলিকে শাস্তি দিল আইসিসি। বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিন তিনি অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধের গুঁতো মেরেছিলেন। ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুসারে, এই ঘটনায় তাঁর ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্টও।
অস্ট্রেলিয়া ইনিংসের দশম ওভারে এই ঘটনাটি ঘটেছে। বিরাট কোহলি কোনস্টাসকে অতিক্রম করার সময় আচমকা কাঁধের গুঁতো মারেন।
এই ঘটনায় রেগে যান কনস্টাসও। তিনি কোহলির সঙ্গে মৌখিক তর্ক জুড়ে দেন। এরপর উসমান খোওয়াজা এবং অন-ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে ব্যাপারটা মিটমাট হয়।
এই ঘটনাটি যখন হয়েছিল, সেইসময় কোনস্টাস ২৭ রানে ব্যাট করছিলেন। পরের ওভারেই তিনি জসপ্রীত বুমরাহের বলে জোড়া বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকান।
যদিও কোনস্টাস সাংবাদিকদের বলেন, 'বিরাট কোহলি ভুল করেই আমাকে ধাক্কা মেরেছিল। এটা ক্রিকেট। টেনশনের সময় এমনটা হতেই পারে।'
চ্যানেল সেভেনের ওই সাংবাদিককে দ্বিতীয় সেশনে অজি ওপেনার আরও বলেন, 'আমরা দুজনেই যথেষ্ট আবেগপ্রবণ। আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি। নিজের গ্লাভস ঠিক করতে ব্যস্ত ছিলাম। তারপর মনে হল যে কেউ কাঁধ দিয়ে ধাক্কা মারল। তবে ক্রিকেটে এমন ঘটনা হতেই পারে।'
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি ক্রিকেট নিয়মাবলীর ২.১২ ধারার মধ্যে পড়ে। এই নিয়ম অনুসারে, যদি কোনও ক্রিকেটার অপর কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা দর্শককেও ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত করা একেবারেই বাঞ্ছনীয় নয়।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং বললেন, 'একবার দেখুন, বিরাট কোহলি কোন জায়গা দিয়ে হাঁটছে। যেন মনে হচ্ছে, গোটা পিচের উপর দিয়েই ও হাঁটবে। এই ঝামেলার সূত্রপাত বিরাটই করেছে। ওর মনের মধ্যে কী চলছে, সেটা একমাত্র ঈশ্বরই বলতে পারবেন।'
অন্যদিকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন এই ম্যাচে কমেন্ট্রি করছেন। তাঁর ভারত-বিদ্বেষ কারোরই অজানা নয়। বিরাটের এই কাণ্ডকারখানা দেখে তিনি মন্তব্য করেছেন, 'কনস্টাস তো নিজের রাস্তা দিয়েই যাচ্ছিল। একবার বিরাটকে দেখুন। ও আচমকা নিজের গতিপথ পরিবর্তন করল। বিরাট ক্রিকেট বিশ্বে সর্বকালের সেরা একজন ব্যাটার। ওর অগাধ অভিজ্ঞতা রয়েছে। বিরাট হয়ত নিজেই নিজেকে বলবে যে আমি কেন এটা করলাম?'