আন্তর্জাতিক সূচির ব্যস্ততা সত্ত্বেও যথেষ্ট ঠান্ডা ও হাসিখুশি। বিরাট এসে পৌছনোর পরই রাঁচিতে প্রথম ম্যাচকে ঘিরে উন্মাদনা আরও বেড়ে গিয়েছে।
_0.jpeg.webp)
রাঁচিতে বিরাট
শেষ আপডেট: 27 November 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: এমএস ধোনির (MS Dhoni) শহর রাঁচিতে পা রাখলেন বিরাট কোহলি (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে মঙ্গলবার সন্ধেয় বিরাটকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (JKCA) সেক্রেটারি সৌরভ তিওয়ারি।
বিরসা মুন্ডা বিমানবন্দরে কঠোর নিরাপত্তা। বাইরে অপেক্ষায় অনেক সমর্থক। তাঁদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন বিরাট। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা সত্ত্বেও যথেষ্ট ঠান্ডা ও হাসিখুশি। বিরাট এসে পৌছনোর পরই রাঁচিতে প্রথম ম্যাচকে ঘিরে উন্মাদনা আরও বেড়ে গিয়েছে।
ভারত–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৩০ নভেম্বর, জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ রায়পুরে (৩ ডিসেম্বর) এবং তিন নম্বর খেলা বিশাখাপত্তনমে (৬ ডিসেম্বর)। অধিনায়ক শুভমন গিল (Gill) ঘাড়ের চোট ও সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) স্প্লিন ইনজুরির কারণে নেই। যে কারণে আসন্ন সিরিজে নেতৃত্ব সমলাবেন কেএল রাহুল (KL Rahul)। স্ট্যান্ড ইন অধিনায়কের কাছে কোহলি নিঃসন্দেহে বড় নির্ভরতা, বিশেষ করে মিডল অর্ডারে, যেখানে চোটের কারণে অভিজ্ঞতার ঘাটতি লক্ষ করা যাচ্ছে।
বিরাটের সাম্প্রতিক ফর্মও আশাব্যঞ্জক। গত মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৭৪ রানের (74*) ইনিংস আবারও বুঝিয়ে দিয়েছে কেন ওয়ানডে ক্রিকেটে এখনও তিনি ভারতের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার। তার আগে টানা দু’টি ইনিংসে খাতা না খুলেই সাজঘরে ফেরেন, কেরিয়ারে প্রথম! তবু ৩০৫ ওয়ানডে ম্যাচে ১৪,২৫৫ রান ও ৫১ টি সেঞ্চুরি—এই রেকর্ডই বলে দেয় দলে বিরাটের অভিজ্ঞতার গুরুত্ব কতটা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পিন–সহায়ক সাবকন্টিনেন্ট কন্ডিশনে ভারতের শুরুটা ঝকঝকে করতে বিরাটের অভিজ্ঞতা খুবই প্রয়োজন। রাহুলের সঙ্গে মিডল অর্ডারের ভারসাম্য, ওপেনার রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ম্যাচের ছন্দ, আর তরুণদের সামনে গাইডলাইন মেলে ধরা—সব ক্ষেত্রেই থাকতে চলেছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। বিরাটের রাঁচিতে পৌঁছনোর পরই ভারতীয় দল অনুশীলন শুরু করবে। ধোনির শহরে ম্যাচ—স্বাভাবিকভাবেই স্টেডিয়ামে গ্যালারি ভরতে চলেছে ঠাসা দর্শকে।
ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক/উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।