
পিভি সিন্ধু-বিনোদ কাম্বলি
শেষ আপডেট: 14 January 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির ভিডিও। উপলক্ষ্য ছেলেবেলার ক্রিকেটশিক্ষার গুরু রমাকান্ত আর্চেকারের স্মরণসভা। সেই সভায় উপস্থিত কাম্বলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে বেগ পাচ্ছিলেন। কোনওমতে টলমল পায়ে দাঁড়িয়ে পুরোনো হিন্দি গানের দু’কলি গেয়ে ওঠেন ঠিকই। কিন্তু তাও ভাঙা, কাঁপা কাঁপা গলায়।
এর কয়েকদিন বাদেই খবর আসে কাম্বলির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গুরুতর অসুস্থ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের বেসরকারি নার্সিংহোমে।
গোটা ঘটনার প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তিনি কাম্বলির এই দুর্দশা থেকে শিক্ষা নেওয়ার জন্য উঠতি প্রজন্মের খেলোয়াড়দের অনুরোধ করেছেন। সিন্ধু বলেন ‘বিনোদ কাম্বলির ভিডিওটি আমি দেখেছি। আসলে নিজেকে বুদ্ধিমানের মতো চালনা করা জরুরি। এভাবে বিনিয়োগ করো যাতে তা আগামি দিনে তোমার জন্য কার্যকরী হয়ে ওঠে। এই কারণে আমি বলে থাকি, নিজের টাকা খরচা করো এবং সঞ্চয়ের খেয়াল রাখো। সবকিছু উড়িয়ে দিও না।‘
উল্লেখ্য, বিনোদ কাম্বলি এক সময় সচিন তেন্ডুলকরের সতীর্থ ছিলেন। রমাকান্তের পাঠশালায় দুজনের হাতেখড়ি হয়েছিল। মুম্বইয়ের হয়ে রঞ্জিতেও বেশ কয়েক বছর খেলেছিলেন দুই বন্ধু। তাঁর প্রতিভা নিয়ে কোনওদিনই কারও মনে সন্দেহ ছিল না। জাতীয় দলে অভিষেকের পর দেশের হয়ে বিশ্বকাপেও খেলেছিলেন কাম্বলি। কিন্তু অনিয়ন্ত্রিত, উচ্ছৃঙ্খল জীবনযাপন তাঁকে ক্রিকেটের মূল স্রোত থেকে সরিয়ে দেয়।
এই সূত্রেই সিন্ধু শুধুমাত্র অর্থ উপার্জন নয়, অর্থ সঞ্চয়ের গুরুত্বের বিষয়েও জোর দিয়েছেন। তিনি বলেন, টাকা রোজগার মানে স্রেফ ওড়ানো নয়। সেখানে কর দেওয়ার মতো বিষয়ও রয়েছে। সিন্ধু জানিয়েছেন, এখনও তিনি বাবা-মায়ের ছত্রচ্ছায়য় বাঁচেন। তাঁর স্বামী ইনভেস্টমেন্টের খেয়াল রাখেন।
যদিও কাম্বলির ভিডিও দেখে আবেগঘন হয়ে পড়েছেন ব্যাডমিন্টন তারকা। তিনি বলেন, ‘একটু দুঃখ তো অবশ্যই পেয়েছি। কিন্তু জীবনে এমনটা ঘটে থাকে। তাই তোমায় যত্নবান হতে হবে। সবকিছু গুরুত্ব দিয়ে বুঝতে হবে। চারপাশে এমন মানুষদের রাখতে হবে, যারা তোমায় ঠিক পথে চালিত করবে।‘