
হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
শেষ আপডেট: 23 December 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর শরীরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হয়েছে। জানা গিয়েছে, এখনও বিপদ কাটেনি।
সম্প্রতি বিনোদ কাম্বলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেখানে সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁকে দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে তাঁর শারীরিক অসুস্থতা সকলের নজরে আসে। এই ভিডিও ভাইরাল হতেই বেশ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
১৯৯১ সালে ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলে ডেবিউ করেছিলেন বিনোদ কাম্বলি। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে তিনি ১৯৯৩ সালে ডেবিউ করেন। বিনোদ কাম্বলির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার বেশ জমকালো শুরু হয়েছিল। টেস্ট ক্রিকেটে তিনি টিম ইন্ডিয়ার থেকে সবথেকে দ্রুত ১,০০০ রান করেছিলেন। তিনি ১৪ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। কিন্তু, এরপর থেকেই তাঁর পারফরম্যান্স গ্রাফে ক্রমশ অবনতি দেখতে পাওয়া যায়।
In pictures: Cricketer Vinod Kambli's condition deteriorated again, leading to his admission at Akriti Hospital in Thane late Saturday night. His condition is now stable but remains critical. pic.twitter.com/7NBektzQ54
— IANS (@ians_india) December 23, 2024
ভারতীয় ক্রিকেট দলের হয়ে বিনোদ কাম্বলি ১৭ টেস্ট ম্যাচে মোট ১,০৮৪ রান করেন। টেস্ট কেরিয়ারে তিনি চারটে শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি করেছেন। এর পাশাপাশি একদিনের ক্রিকেটে তিনি ১০৪ ওয়ানডে ম্যাচে মোট ২,৪৭৭ রান করেন। ওয়ানডে ক্রিকেটে তিনি জোড়া শতরানের পাশাপাশি ১৪ হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু, ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে তাঁকে শেষপর্যন্ত টিম ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়। ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি।