অশ্বিনের যুক্তির কেন্দ্রে দীর্ঘমেয়াদি ভাবনা। ভারতীয় ক্রিকেটে অনেক প্রতিভাকে তাড়াহুড়ো করে তুলে আনার পরও তারা হারিয়ে গিয়েছে—এই বাস্তবতা মাথায় রেখে সতর্কতা।

বৈভব ও অশ্বিন
শেষ আপডেট: 31 March 2026 13:23
দ্য ওয়াল ব্যুরো: যুব ক্রিকেটের পর এবার ফের আইপিএলের (IPL 2026) মঞ্চ। ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) যা তাণ্ডব চালাচ্ছেন, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—ভারতীয় দলে (Team India) ডাক পাওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা?
অনেক প্রাক্তন ক্রিকেটার যেমন মহম্মদ কাইফ (Mohammad Kaif) বা মাইকেল ভন (Michael Vaughan) ইতিমধ্যে সেই দাবিতে সায় দিলেও ভিন্ন সুর শোনা গেল রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) গলায়। তাঁর মতে, তাড়াহুড়ো করার কোনও মানে নেই। বৈভব প্রতিভাবান। কিন্তু তাঁকে সিনয়র টিমে ধীরেসুস্থে জায়গা দেওয়া উচিত।
অশ্বিনের সোজাসাপ্টা বার্তা
টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার স্পষ্ট জানালেন, সূর্যবংশী এখনও ‘বাচ্চা’। যে কারণে লক্ষ্য বেঁধে চাপ দিলে হিতে বিপরীত হতে পারে। যুক্তি, বৈভবের মতো প্রতিশ্রুতিমান কিশোরের সামনে অন্তত ২০-২৫ বছরের ক্রিকেট পড়ে রয়েছে। অশ্বিনের মন্তব্য, ‘ওকে এখনই এসব টার্গেট দিও না। সময় এলে ও নিজেই ভারতীয় দলে খেলবে। এত তাড়াহুড়ো কেন?’ অর্থাৎ, প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। স্রেফ সময়ের আগে মঞ্চে তুলে দেওয়ার বিরোধী তিনি।
তবু মুগ্ধ অশ্বিন
একদিকে সতর্কবার্তা, অন্যদিকে প্রশংসা—দুটোই একসঙ্গে মেলে ধরেছেন অশ্বিন। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে সূর্যবংশীর ইনিংস দেখে তিনি বিস্মিত। প্রাক্তন স্পিনারের কথায়, সমস্তিপুরের কিশোর এমন কিছু শট খেলেছেন, যা অন্য কারও পক্ষে অসম্ভব। বিশেষ করে ব্যাটের গতি ও টাইমিং… এই বয়সে বিরল। মজার সুরেই বললেন, ‘১৫ বছরে পা দিয়ে ১৫ বলে হাফসেঞ্চুরি—নিজের বয়সটাই যেন দেখিয়ে দিল!’
কেন তাড়াহুড়ো নয়?
অশ্বিনের যুক্তির কেন্দ্রে দীর্ঘমেয়াদি ভাবনা। ভারতীয় ক্রিকেটে অনেক প্রতিভাকে তাড়াহুড়ো করে তুলে আনার পরও তারা হারিয়ে গিয়েছে—এই বাস্তবতা মাথায় রেখে সতর্কতা। অশ্বিনের মতে, সূর্যবংশী এতটাই ভাল, যে আজ না হোক কাল ভারতীয় দলে খেলবেনই। কিন্তু সেই সময়টা ঠিকমতো বেছে নেওয়া জরুরি। লক্ষ্য দ্রুত অভিষেক নয়, হওয়া উচিত দীর্ঘস্থায়ী সাফল্য।
পাশাপাশি অশ্বিনের বিশ্বাস, সূর্যবংশী থাকায় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) চলতি মরসুমে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। গুয়াহাটির ময়দানে তারা যেভাবে চেন্নাইকে একতরফা হারাল, তাতে বার্তা পরিষ্কার—এই দল শিরোপার দাবিদার।