সমস্তিপুরের তাজপুরে জন্ম, বেড়ে ওঠা বৈভবের। গতকাল সেখানে আসতেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবরা তাঁর বাড়িতে হাজির হন। বরণ করে নেওয়া হয় মালা দিয়ে। কাটা হয় কেক।

বৈভব সূর্যবংশী
শেষ আপডেট: 23 May 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো: তিনি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএলের (IPL 2025) উদীয়মান তারকা। গুজরাত টাইটানসের বিরুদ্ধে বিধ্বংসী শতরান, মাত্র ৩৫ বলে হাঁকিয়ে রেকর্ড বুকে নাম তুলেছেন। পাশাপাশি চেন্নাইয়ের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরির আগে ইনিংস থমকে গেলেও যেভাবে ধীরস্থিরভাবে রান করেছেন, মাথা ঠান্ডা রেখে মিডল অর্ডারের ঝাপ্টা সামলেছেন, তাতে বৈভব যে সব ধরনের ক্রিকেটের জন্য প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট।
আইপিএলে রাজস্থানের (Rajasthan Royals) জার্নি ইতিমধ্যে থমকে গিয়েছে। প্লে-অফে (Play-off) ওঠার রাস্তা বন্ধ। গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছেন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেরা। তাই নক আউটের আগে যে যার বাড়ি ফিরে গিয়েছেন।
বৈভবও রাজস্থান শিবির ছেড়ে ইতিমধ্যে ফিরে এসেছেন গ্রামের বাড়ি। সমস্তিপুরের তাজপুরে জন্ম, বেড়ে ওঠা বৈভবের। গতকাল সেখানে আসতেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবরা তাঁর বাড়িতে হাজির হন। বরণ করে নেওয়া হয় মালা দিয়ে। কাটা হয় কেক। উপরে লেখা—‘ঘরে সুস্বাগতম!’ গ্রামের গলিঘুঁজি পেরিয়ে আইপিএলের রাজপথে নিজেকে মেলে ধরেছেন বৈভব। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি ইনিংস গড়ে তোলার স্কিলও যে রয়েছে, সেটা একগুচ্ছ ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন সমস্তিপুরের কিশোর।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে সম্প্রতি একটি আলাপচারিতায় অংশ নেন বৈভব। সেখানে কোচ তাঁকে প্রশ্ন করেন—কেমন ছিল সেই সময়, যখন তিনি গুজরাতের বিরুদ্ধে শতরান করে সারা দেশের চর্চার টপিক হয়ে উঠলেন? কীভাবে সবার নজরে আসার চাপ সামলে টুর্নামেন্ট খেলে গেলেন?
জবাবে প্রত্যাশিতভাবেই ছকভাঙা উত্তর দেন বৈভব। বলেন, ‘আমার কাছে পাঁচশোর উপর কল এসেছিল। কিন্তু আমি ফোন বন্ধ রাখি। অনেকেই সেঞ্চুরির পর নানান প্রস্তাব নিয়ে এগিয়ে আসেন। যদিও সেসব আমার পছন্দ হয়নি। আমি দুই থেকে চার দিন মোবাইল খুলিনি। চারপাশে এত লোকের ভিড় ভাল লাগে না। পরিবার আর হাতেগোনা কাছের বন্ধুদের নিয়েই আমি স্বচ্ছন্দ।‘
অনূর্ধ-উনিশের শিবির ছেড়ে আইপিএলে নামার পর বছর চোদ্দোর বৈভবের উদ্দেশে রাহুলের গুরুমন্ত্র ছিল—মাথা ঠান্ডা রাখবে। সমস্ত বোলার তোমায় টার্গেট করতে চলেছে। রাহুলের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছেন বৈভব। ৭ ম্যাচে ২৫২ রান, দুশোর উপর স্ট্রাইক রেট। বিধ্বংসী শতরানের পাশাপাশি ধৈর্য ধরে সাজানো ইনিংস—ব্যাটসম্যান হিসেবে সংহারক ও স্থিতধী দুটি মূর্তিতেই নিজের জাত চিনিয়েছেন বৈভব। ক্রিকেট অনুরাগীদের আশা, আগামী মরশুমে এর ব্যাপ্তি আরও অনেক প্রসারিত হতে চলেছে।