
ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি।
শেষ আপডেট: 30 May 2024 09:40
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯ জুন আমেরিকার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিশ্বকাপের ওই ম্যাচে জঙ্গি হামলার হুমকি দিল জঙ্গি সংগঠন আইএসএস।
বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে দুনিয়াজুড়ে। ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে।
জঙ্গি সংগঠনের হুমকির সত্যতা স্বীকার করে নিয়ে নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার সংবাদ সংস্থাকে জানিয়েছেন “একটি ভিডিও বার্তায় জঙ্গি সংগঠন আইএসএস এর পক্ষ থেকে ‘লোন উলফ’ হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে ইতিমধ্যে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। টিকিট প্রায় শেষের পথে। অর্থাৎ প্রচুর দর্শক আসবেন। স্বাভাবিকভাবে নিরাপত্তা বাড়ানো হচ্ছে স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায়।
ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে জঙ্গি সংগঠনের একটি ভিডিও। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার আহ্বান জানিয়ে ভিডিওয় বলা হয়েছে, যে কেউ এই হামলা করতে পারে। হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’।
জানা যাচ্ছে, গত এপ্রিল থেকেই জঙ্গি সংগঠনের তরফে হামলার হুমকি দেওয়া হচ্ছিল। তবে এতদিন নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, সম্প্রতি নাসাউ স্টেডিয়ামের উপর একটি ড্রোন উড়তে দেখা যায়। তাতে লেখা ছিল ‘৯/৬/২০২৪’ ! অর্থাৎ ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ! তারপরই এই হুমকি ভিডিও। নড়চড়ে বসেছে নিউ ইয়র্ক প্রশাসন।