ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও আপত্তি নেই তাদের। সেই নিয়ম মেনেই রবিবার এশিয়া কাপের ম্যাচ।

ফাইল ছবি
শেষ আপডেট: 14 September 2025 19:06
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup) আজ ভারত–পাকিস্তানের (India Pakistan) দ্বৈরথ ঘিরে উত্তেজনা থাকলেও, খেলা শুরুর আগে প্রতিবাদের সুর তুললেন পহেলগাম জঙ্গি (Pahelgam Attack) হামলায় নিহত ব্যবসায়ী সন্তোষ জাগদালের মেয়ে আসাবরী জাগদালে। তাঁর অভিযোগ, হামলার এত অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আয়োজন করা অত্যন্ত লজ্জাজনক।
আসাবরীর কথায়, “আজকের ম্যাচ মোটেই হওয়া উচিত ছিল না। পহেলগামের ঘটনায় এখনও ছ’মাসও পেরোয়নি। অপারেশন সিঁদুর হয়েছে। তারপরও এই ম্যাচ আয়োজন করা হচ্ছে, কোনও লজ্জা নেই।”
২৬ বছরের আসাবরী আরও বলেন, পাকিস্তানের সঙ্গে মাঠে নামছেন ভারতীয় ক্রিকেটাররা অথচ ওই দেশেই তাঁর বাবার হত্যাকারীরা রয়েছে। তাঁর প্রশ্ন, “তোমরা কি সত্যিই দেশের নায়ক? যে দেশের হাতে আমাদের রক্ত লেগে, তাদের সঙ্গে কীভাবে খেলতে পারো?”
আসাবরী মনে করান, এপ্রিলের সেই হামলায় তাঁর বাবা সন্তোষ জাগদালেকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। মৃত্যুর আগে তাঁকে কোরআনের আয়াত পাঠ করতে বাধ্য করা হয়।
শুধু আসাবরী নন, ক্ষোভ উগরে দিয়েছেন হামলায় পরিবার হারানো অন্যরাও। সাওয়ান পরমার, যিনি সেই ঘটনায় বাবা ও ভাইকে হারিয়েছেন, তিনি বলেন, “ভারত–পাকিস্তান ম্যাচের খবর শুনে আমরা ভীষণ মর্মাহত। পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্কই রাখা উচিত নয়। যদি খেলতেই হয়, তবে আমার ১৬ বছরের ভাইকে ফেরাও, যে অগণিত গুলি খেয়ে প্রাণ হারিয়েছে। অপারেশন সিঁদুর এখন অর্থহীন বলে মনে হচ্ছে।”
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টায় (ভারতীয় সময়) মুখোমুখি হচ্ছে ভারত–পাকিস্তান। কিন্তু খেলার উত্তেজনার আড়ালে হামলায় নিহতদের পরিবারে ক্ষোভ আর যন্ত্রণার রেশ তিলে তিলে বেড়েই চলেছে।
এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে বেশ কয়েক দিন ধরে। ম্যাচ বয়কটের দাবি উঠেছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও আপত্তি নেই তাদের। সেই নিয়ম মেনেই রবিবার এশিয়া কাপের ম্যাচ।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও প্রতিবাদ দেখাতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা। প্রতিবাদের নতুন ধরন দেখা যেতে পারে সূর্যকুমার যাদবদের থেকেও।