
কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক এবং মালিক
শেষ আপডেট: 28 October 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩১ অক্টোবর হতে চলেছে ধামাকা। কোন ফ্র্যাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারকে রিটেন করছে, তার একটা পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে। এই পরিস্থিতিতে ক্রিকেট সমর্থকদের মনেও উত্তেজনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার রিটেন করতে পারে। ইতিমধ্যে তারা রাইট টু ম্য়াচ কার্ডের ব্যবহারও করতে পারবে।
২০২৪ সালে আইপিএল টুর্নামেন্টের খেতাব জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স। আশা করা হচ্ছে, তারাও ৬ ক্রিকেটারকে রিটেন করবেন। এই ব্যাপারে কেকেআর সমর্থকদের মনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হগ একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে বলেন, কেকেআর ব্রিগেড আগামী আইপিএল মরশুমের জন্য কোন ৬ ক্রিকেটারকে রিটেন করতে পারে।
ব্র্যাড হগের কথায়, কলকাতা নাইট রাইডার্স সবার আগে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন করতে চাইবে। এরপর এই তালিকায় নাম থাকবে দুই ক্যারিবিয়ান ক্রিকেটার - সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের। গত মরশুমে এই দুই ক্রিকেটারই ব্যাটে এবং বলে অলরাউন্ড পারফরম্য়ান্স করেছিলেন। কেকেআরের রিস্ট স্পিনার বরুণ চক্রবর্তীকেও রিটেন করতে পারে।
পাশাপাশি ব্র্য়াড হগ রিঙ্কু সিংয়ের উপরেও বাজি ধরেছেন। দলের এই তারকা ফিনিশারকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে পারে। এর পাশাপাশি হর্ষিত রানাকেও আনক্যাপড ক্রিকেটার হিসেবে রাখা হতে রিটেনশন লিস্টে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট স্কোয়াডে নাম লিখিয়েছেন তিনি। তবে অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনি সুযোগ পান কি না, সেদিকেই আপাতত নজর রাখতে হবে।