ম্যাচের মুহূর্তের ছবি
শেষ আপডেট: 1 December 2024 18:23
দ্য ওয়াল ব্যুরো: দুর্দান্ত পারফরম্যান্স। অস্ট্রেলিয়ায় প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত। যদিও রবিবার বৃষ্টির কারণে ম্যাচে কিছুটা কাটছাঁট করা হয়। ৫০-এর পরিবর্তে ৪৬ ওভারে খেলা হয়। পিঙ্ক বল টেস্টের আগে অনুশীলন ম্যাচে ৬ উইকেটে সহজ জয় তুলে নিল রোহিত বাহিনী।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৪০ রান তোলে। কিন্তু ভারতীয় দল ৪২ ওভারের একবারে শেষ বলে ২৪১ রান করে সহজ জয় হাসিল করে। অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভালের এই ম্যাচে ৬ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া।
রবিবার ২৪০ রান তাড়া করতে নেমে প্রথমেই কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল ১৬.৩ ওভারেই ৭৫ রানের একটি পার্টনারশিপ গড়েন। তার সুবাদেই এদিন জয় পেতে খুব বেশি কসরত করতে হয়নি রোহিত ব্রিগেডকে।
এরপর ব্যক্তিগত ৪৫ রানে চার্লি অ্যান্ডারসনের হাতে ক্যাচ তুলে আউট হন তিনি। তবে এদিন অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে নামলেও তেমন সফল হননি। মাত্র ১৪ রান করেই বাইশ গজ ছাড়তে হয় তাঁকে।
এদিন প্রস্তুতি ম্যাচে তিন নম্বরেই ব্যাট করতে নামানো হয় সদ্য আঙুলের চোট সারিয়ে ফেরা শুভমান গিলকে। তিনি এদিন ব্যক্তিগত ৫০ রান করে আউট হন। এদিন প্রথম ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের ওপেনার স্যাম কনস্টাস সেঞ্চুরি করেন।
তবে বল হাতে রীতিমতো আগুন তাণ্ডব দেখিয়েছেন তরুণ পেসার হর্ষিত রানা। তাঁর ঝুলিতে এদিন চারটে উইকেট গেছে। অন্যদিকে নজর কেড়েছেন বঙ্গ পেসার আকাশ দীপ। তাঁর দখলে দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা।
এদিন ৪৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় অজি প্রধানমন্ত্রী একাদশ। তবে প্রস্তুতি ম্যাচে জশপ্রীত বুমরাহকে বল হাতে যেমন দেখা যায়নি তেমন বিরাট কোহলিকেও এদিনের ম্যাচে ছেড়েই মাঠে নামে ভারতীয় দল।
গত বছর অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে লজ্জার হার হয়েছিল ভারতের। মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল মেন ইন ব্লু। তিন বছর পরে আবারও অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে খেলতে নামবে ভারত। কঠিন সেই টেস্টের আগে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভারতকে যে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না।