
ভারতীয় ক্রিকেট দল
শেষ আপডেট: 2 September 2024 13:58
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আদৌ পাকিস্তানে যাবে ভারতীয় ক্রিকেট দল, তা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। তবে এবার এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে।
জানা গেছে, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া হাইব্রিড মডেলে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি এও শোনা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে রোহিত শর্মার দল পাকিস্তান সফরে যেতে পারে।
ইতিমধ্যে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। এরমধ্যে সবথেকে বড় প্রশ্ন হল, আদৌ টিম ইন্ডিয়া ভারতীয় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পাকিস্তান সফরে যেতে পারে? এমন কোনও নিয়ম কি আদৌ রয়েছে, যেখানে কোনও ক্রিকেট দল বিদেশ সফরে দেশের সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যেতে পারে? এই নিয়ে জল্পনা চলছে সব মহলে।
প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হতে পারে। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের ফরম্যাট আইসিসি-র হাতে তুলে দিয়েছে। যদিও এই ফরম্যাটে এখনও সিলমোহর দেয়নি আইসিসি। এই ড্রাফটে নিরাপত্তার কারণে ভারতের ম্যাচগুলো লাহোরে আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
খসড়া অনুসারে, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। আর ১ মার্চ খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। এই টুর্নামেন্ট আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে বলে জানা গেছে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দল আদৌ পাকিস্তান যাবে কিনা, তা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। এই জল্পনার মধ্যেই শোনা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সফরে যেতে পারে টিম ইন্ডিয়া। সাধারণত এমন দৃশ্য অবশ্য দেখতে পাওয়া যায় না।
নিয়ম অনুসারে, কোনও দেশের সরকার তাদের ক্রিকেট দলকে সশস্ত্র সেনাবাহিনী নিয়ে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দেয় না। এই পরিস্থিতিতে কোনও ক্রিকেট দল বিদেশ সফর করার আগে নিরাপত্তা এজেন্সির আধিকারিকরা আয়োজক দেশে যান এবং বিভিন্ন সুবিধা এবং নিরাপত্তা তাঁরা খতিয়ে দেখে আসেন।
এই পরিস্থিতিতে আশা করা যেতে পারে, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেট বোর্ড নিরাপত্তা এজেন্সির আধিকারিকদের পাঠাতে পারেন। নিরাপত্তা এজেন্সির আধিকারিকরা যদি সবুজ সংকেত দেন, তাহলেই টিম ইন্ডিয়া শেষপর্যন্ত পাকিস্তান সফরে যেতে পারে।
ক্রিকবাজের একটি রিপোর্ট অনুসারে, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার আগে নিরাপত্তা এজেন্সির আধিকারিকদের পাঠিয়েছিল। তাঁরা প্রথমে স্টেডিয়াম এবং হোটেলের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে আসেন। অবশেষে সবুজ সংকেত পাওয়ার পর দলগুলো পাকিস্তানে খেলতে গিয়েছিল।