পরিস্থিতি কঠিন। জিততে হলে এখান থেকে দরকার ঠান্ডা মাথার ব্যাটিং, বোলারদের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে রান তোলা ও উইকেট রক্ষা করে চলা।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ আপডেট: 16 November 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্য সামান্য… ১২৪। কিন্তু ইডেনের ধুলো-ওঠা বাইশ গজে সেই ছোট টার্গেটও ভারতের সামনে মুহূর্তে পাহাড় হয়ে উঠেছে। রোববার সকালেই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ১৫৩ রানে। হাতে ছিল মাত্র তিন উইকেট। তেম্বা বাভুমা (Temba Bavuma) অর্ধশতরান করলেও, বাকি ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। প্রথম ইনিংসের ৩০ রানের লিড মিলিয়ে ভারতের সামনে দাঁড়ায় ১২৪ রানের টার্গেট।
কিন্তু রান তাড়া করতে নেমেই শুরুতে বিপর্যয়। চার বলও টিকতে পারলেন না যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। মার্কো জানসেনের (Marco Jansen) শর্ট লেংথের ডেলিভারিতে বাইরের কিনারা। বল কাইল ভেরেইন (Kyle Verreynne) দস্তানায়! স্কোরবোর্ডে তখনও শূন্য।
পরের ওভারে প্রথম রান এল ১১ বল খেলে। কিন্তু একই ওভারে আরেক ধাক্কা—চোট-আঘাতের কারণে অনিশ্চিত থাকা কেএল রাহুল (KL Rahul) হারালেন স্টাম্প। ভারত তখন ১/২।
এই ম্যাচে ভারত শুরু থেকেই প্রচণ্ড চাপে। দ্বিতীয় দিনের শেষে চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। সুইপ খেলতে গিয়ে সাইমন হার্মারের (Simon Harmer) বলে ঘাড়ে টান লাগে । পরক্ষণেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে বোর্ড জানায়—গিল আর এই টেস্টে ফিরবেন না। অর্থাৎ ভারত দ্বিতীয় ইনিংসে মূলত ১০ জন ব্যাটার নিয়েই নেমেছে। আর তাতেই টার্গেট আরও কঠিন হয়ে দাঁড়াচ্ছে!
তৃতীয় দিনের শুরুটা যদিও ভালোই হয়েছিল। দক্ষিণ আফ্রিকার শেষ তিন উইকেট পড়ে যায় দ্রুত। প্রথমে বুমরাহ (Bumrah) চমৎকার ইন-কাটারে উড়িয় দেন করবিন বশের (Corbin Bosch) স্টাম্প। তারপর পরপর দুই বলে লেজ গুটিয়ে দেন সিরাজ (Siraj)। হার্মারকে (Simon Harmer) বোল্ড ও কেশব মহারাজকে (Keshav Maharaj) এলবিডব্লিউ করে কাজ সারেন তিনি। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ ৫৪ ওভারে।
ম্যাচের আসল টেনশন তৈরি হয় সেখান থেকেই। কারণ ইডেনের পিচে বল দ্বিতীয় দিন থেকেই অনবরত ঘুরছে। ভারতের স্পিনাররা আগের দিনই তুলে নেন ৭টি উইকেট। এমন অবস্থায় ১০০ পেরোলেই লক্ষ্য পাহাড়প্রবাণ ঠেকে। সেটা মাথায় রেখেই আজ সকালে অক্ষর পটেল (Axar Patel) বলেছিলেন—‘১২৫-এর মধ্যে রাখলেই টার্গেট তাড়া করা সম্ভব।’ভুল যে কিছু বলেননি, সেটা বোঝা গেল শুরুতেই।
সব মিলিয়ে ব্যাট হাতে ভারত যে কায়দায় ভয়াবহভাবে চেজ শুরু করল, তাতে লক্ষ্য যতই ছোট হোক, গতিক সুবিধার ঠেকছে না। একদিকে আঘাতের ধাক্কায় নেই অধিনায়ক গিল। অন্যদিকে প্রথম দুই ব্যাটারই ফিরে গিয়েছেন দ্রুত। ক্রিজে এখন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তাঁরা সামলাবেন জানসেন (Jansen), হার্মার (Harmer) ও মহারাজের (Maharaj) ঘূর্ণি-গতির ছোবল!
টার্গেট ১২৪—ইডেনের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্যমাত্রা। এর আগে মাত্র একবার ১০০-এর বেশি রান তাড়া করে জিতেছে ভারত—২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। পরিস্থিতি কঠিন। জিততে হলে এখান থেকে দরকার ঠান্ডা মাথার ব্যাটিং, বোলারদের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে রান তোলা ও উইকেট রক্ষা করে চলা। একটা ভুলেই শেষ হয়ে যেতে পারে ম্যাচ।