.webp)
কলকাতা সমর্থকরা চাইছেন, বাদ পড়ার জবাবটা রোহিত-হার্দিকদের সামনে ইডেনেই দিয়ে দিন রিঙ্কু।
শেষ আপডেট: 10 May 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: দল ঘোষণা হয়ে গিয়েছে দশ দিন হয়ে গেল। তাও ইতিউতি কান পাতলেই ফোঁসফোঁস বেশ শোনা যাচ্ছে। 'রিঙ্কুকে না নেওয়াটা ব্লান্ডার হয়েছে ভাই', 'এহে, ভেবেছিলাম রিঙ্কুকে ফার্স্ট টিমে রাখবে'...ইত্যাদি মন্তব্যে সমাজমাধ্যম এখনও তেতে রয়েছে। আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ জায়গা পাননি, মানতে পারছেন না অনেকেই। অবশ্য একেবারে জায়গা পাননি বললে ভুল হবে। একরকম 'অশ্বত্থামা হত ইতি গজ' করে রিজার্ভে রাখা হয়েছে রিঙ্কু বা শুভমন গিলকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যা উইকেট, তাতে চার স্পিনার খেলাতে গেলে রিঙ্কুকে বসতে হবেই। যদিও এসব চুলচেরা হিসেব জনতাকে বোঝায় কার সাধ্যি! গত আইপিএলে গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটা ছক্কা মারার পর থেকেই রিঙ্কুকে নীল জার্সিতে দেখার জন্য মুখিয়ে আছে আট থেকে আটাত্তর!
আপাতত যা অবস্থা, তাতে দলের সঙ্গে নিউ ইয়র্কের বিমানে রিঙ্কু উঠবেন বলেই শোনা যাচ্ছে। এদিকে রিঙ্কুর বাদ পড়া নিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের একাংশ কেকেআরের ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছেন। তাঁদের বক্তব্য, এবারের আইপিএলে রিঙ্কুকে সেভাবে খেলার সুযোগই দেয়নি কলকাতা। ধরা যাক, আইপিএলে কলকাতার একদম প্রথম ম্যাচ, কলকাতায়, বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ। রিঙ্কু নেমেছিলেন সাতে। পরের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে পাঁচে যখন রিঙ্কু নামলেন, খেলা শেষের দিকে। বিশাখাপত্তনমে দিল্লির বিরুদ্ধে সুনীল নারাইনের সেই অতিমানবীয় ব্যাটিং-এর দিনে রিঙ্কু নামলেন ছয়ে। পরে চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার ব্যাটিং-এ ধস নামার দিনে আবার ইমপ্যাক্ট সাব রিঙ্কুকে পাঠানো হল সাতে। কলকাতায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই সেই একইভাবে ইমপ্যাক্ট সাব রিঙ্কু নামলেন ছয়ে। সমালোচকদের বক্তব্য, রিঙ্কুর মত ঝোড়ো ব্যাটসম্যানকে এইভাবে দিনের পর দিন ছয়, সাতে খেলিয়ে ওঁর ছন্দটাই নষ্ট করে দিয়েছে কেকেআর। পাল্টা কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গৌতম গম্ভীররা বলছেন, জায়গা কোথায়? টপ অর্ডারে ফিল সল্ট-নারাইন জুটির পরেই তিন বা চারে নামছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার। অঙ্গকৃশ রঘুবংশীকেও মাঝেমধ্যে নামাচ্ছে তিনে। সেক্ষেত্রে বেঙ্কটেশকে সরতে হচ্ছে আরও পরে। তারপর সাধারণত রাসেল ও রিঙ্কু থাকছেন। পাল্টা বলা যেতে পারে, শ্রেয়সকে তিনে রেখে কি চারে রিঙ্কুকে সুযোগ দেওয়া যেত না?
কাল শনিবার, সপ্তাহান্তের দিন ইডেনে কলকাতার মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতার ক্রিকেটপ্রেমীদের আশা, এইবার জবাব দেওয়ার একটা ভাল সুযোগ আছে রিঙ্কুর সামনে। এমনিতে মুম্বইয়ের ভেন্টিলেশনে ঢোকার আগের অবস্থা। প্লে-অফের আশা-টাশা শেষ। ছিটকে গিয়েছে সরকারিভাবে। তার ওপর মুম্বই দলেই রয়েছে টি-২০ বিশ্বকাপের দলে থাকা একাধিক তারকা। রয়েছেন অধিনায়ক রোহিত, হার্দিক, সূর্যকুমার, যশপ্রীত বুমরাহ। বিশেষ করে এই বাজারেও বুমরাহ ভাল ছন্দে রয়েছেন। তাঁদের সামনে কি এবার জ্বলে উঠবেন রিঙ্কু? যদি সেটা হয়, অন্তত একটা বার্তা যাবে। পাশাপাশি ব্যাটে রোহিত-হার্দিকদের যা অবস্থা, তাতে কলকাতা অনেক ভাল জায়গায় আছে। ফিল সল্ট, নারাইন, রাসেল, ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে রিঙ্কু জোরদার নাম। এতদিন ধরে রিঙ্কুর হয়ে গলা ফাটানো কলকাতা সমর্থকরা চাইছেন, বাদ পড়ার জবাবটা ইডেনেই দিয়ে দিন রিঙ্কু।
মুম্বই আইপিএলের সফলতম দুই দলের একটি। পরিসংখ্যানের বিচারে দেখলে, মুম্বই-কলকাতা ৩৩ দ্বৈরথের ২৩ বারই জিতেছে মুম্বই। কার্যত ২০১২ সালের পরে ওয়াংখেড়েতে কলকাতা জিতল এই গত ম্যাচে। ইডেনেও গত ১০ ম্যাচে কলকাতা জিতেছে মাত্র তিনবার। তবে কলকাতাকে ভাবাচ্ছে বৃষ্টি। বুধবার থেকেই কলকাতায় বিকেল হলেই ঝেঁপে বৃষ্টি হচ্ছে। শনিবারও দিনভর কলকাতা ও দুই ২৪ পরগণায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। অতএব সপ্তাহান্তে রিঙ্কুর সুযোগ এলেও শেষ অবধি বরুণদেব সহায় হ'ন কিনা, তার ওপরেই দাঁড়িয়ে আছে বাকিটা।