স্টোকসের জায়গায় দলের ভার নিজের কাঁধে তুলে নেবেন অলি পোপ (Pope)। বোলিং আক্রমণ এখন অনেকটাই অনভিজ্ঞ। ওকস (Woakes) ছাড়া বাকিরা কেউ পুরো সিরিজে খেলেননি।

বেন স্টোকস
শেষ আপডেট: 30 July 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় শিবিরে ঋষভ পন্থ (Rishabh Pant) আগেই ছিটকে গিয়েছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে জসপ্রীত বুমরাহকেও ময়দানে দেখা যাবে না। ওভাল টেস্ট শুরুর আগেই যখন বেকায়দায় ভারতীয় শিবির, তখন একইভাবে বড় ধাক্কা খেল ইংরেজরা। কাঁধের চোটে সিরিজ নির্ধারক এই ম্যাচ থেকে ছিটকে গেলেন অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন অলি পোপ (Ollie Pope)। ব্যাটিং লাইন আপে ছয় নম্বরে নামতে দেখা যাবে জ্যাকব বেথেলকে (Jacob Bethell)।
বদল এসেছে বোলিং বিভাগেও। চারটি টেস্টে খেলা ব্রাইডন কার্স (Brydon Carse) ও চোট-আঘাতের ধাক্কা সামলে বহু বছর বাদে প্রত্যাবর্তন করা জোফ্রা আর্চারকে (Jofra Archer) বিশ্রাম দেওয়া হয়েছে। বাদ পড়েছেন স্পিনার লিয়াম ডসনও (Liam Dawson)। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন গাস অ্যাটকিনসন (Gus Atkinson), জশ টাং (Josh Tongue) এবং জেমি ওভারটন (Jamie Overton)। অন্যদিকে টানা পাঁচটি টেস্ট খেলতে চলেছেন ক্রিস ওকস (Chris Woakes)।
প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টারে (Manchester) চতুর্থ টেস্টের শেষ তিন দিন ধরেই স্টোকসকে (Stokes) কাঁধে হাত দিয়ে থাকতে দেখা যায়। প্রথম ইনিংসে ২৪ ওভার বল করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ ওভারেই থেমে যান। পঞ্চম দিনের ওয়ার্ম-আপেও ছিল অস্বস্তি। ফলে শেষ টেস্টে না-খেলার সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল।
অথচ চলতি সিরিজে স্টোকস (Stokes) দুরন্ত ফর্মে। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৪১ রানের অনবদ্য ইনিংস। একই টেস্টে ৫ উইকেট ও শতরান—এই কৃতিত্ব ইংল্যান্ডের ইতিহাসে মাত্র চারজনের ঝুলিতে রয়েছে। সেই কারণে ওভালে না নামা দলের জন্য বড় ক্ষতি।
স্টোকসের জায়গায় দলের ভার নিজের কাঁধে তুলে নেবেন অলি পোপ (Pope)। বোলিং আক্রমণ এখন অনেকটাই অনভিজ্ঞ। ওকস (Woakes) ছাড়া বাকিরা কেউ পুরো সিরিজে খেলেননি। টাং (Tongue) প্রথম দুই টেস্টে ১১ উইকেট নেন। ওভারটন (Overton) শেষ টেস্ট খেলেছিলেন ২০২২ সালে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে। আর্চার (Archer) ও কার্স (Carse) দু’জনেই পরপর ম্যাচ খেলার পর আপাতত বিশ্রামে।
সেই জায়গায় অ্যাটকিনসন (Atkinson) ফিরছেন। মে মাসে জিম্বাবুয়ের (Zimbabwe) বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান। তারপর থেকে খেলেছেন শুধু একটি প্রস্তুতি ম্যাচ। তাতে ৩০ ওভার বল করেছিলেন। ইংল্যান্ডের হয়ে গত বছর আন্তর্জাতিক অভিষেকেই নজর কাড়েন এই পেসার।
স্পিন বিভাগে বিশেষজ্ঞ কেউ না থাকায় বেথেল (Bethell) ও রুটই (Root) ভরসা। ভারতীয় ব্যাটিং সামলাতে তাঁদেরকেই কাজে লাগাতে হবে পোপকে (Pope)। স্টোকসের (Stokes) ব্যাটিং মিস করলেও বেথেলকে (Bethell) নিয়ে ইংল্যান্ড শিবির আশাবাদী। মাত্র ২১ বছর বয়সেই নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে অভিষেকে টানা তিনটি অর্ধশতরান করে নজর কাড়েন। অনেক আগেই তাঁকে দলে নেওয়ার দাবি উঠছিল।
অন্যদিকে ওভারটন (Overton) এই টেস্টে ফিরছেন দীর্ঘ বিরতির পর। মে মাসে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে আঙুলে চোট পান। তারপর থেকে খেলেছেন মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ।
ইংল্যান্ডের একাদশ (England Playing XI, 5th Test, vs India):
জ্যাক ক্রলি (Zak Crawley), বেন ডাকেট (Ben Duckett), অলি পোপ (Ollie Pope) [অধিনায়ক], জো রুট (Joe Root), হ্যারি ব্রুক (Harry Brook), জ্যাকব বেথেল (Jacob Bethell), জেমি স্মিথ (Jamie Smith) [উইকেটকিপার], ক্রিস ওকস (Chris Woakes), গাস অ্যাটকিনসন (Gus Atkinson), জেমি ওভারটন (Jamie Overton), জশ টাং (Josh Tongue)।