
শতরান করার পর স্টিভ স্মিথ
শেষ আপডেট: 27 December 2024 07:44
দ্য ওয়াল ব্যুরো : বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার দাপুটে ব্যাটার স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে শতরান করার পাশাপাশি এক নয়া ইতিহাস কায়েম করলেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) তিনি টেস্ট কেরিয়ারের ৩৪তম শতরান হাঁকিয়ে ফেললেন। স্মিথ তাঁর কেরিয়ারের ১১৪ টেস্ট ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন। পাশাপাশি টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে দ্রুত ৩৪ সেঞ্চুরিয়ন হিসেবে নিজের নাম দাখিল করলেন। মেলবোর্ন টেস্টে স্মিথ ১৬৭ বলে কেরিয়ারের ৩৪ নম্বর সেঞ্চুরি হাঁকিয়েছেন। আপাতত ১৩৯ রানে তিনি ব্যাট করছেন।
আপাতত জো রুটের রেকর্ড ভেঙে ভারতের বিরুদ্ধে সবথেকে বেশি টেস্ট শতরানের রেকর্ডও স্মিথ নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। ভারতের বিরুদ্ধে স্মিথ মাত্র ৪৩ ইনিংসে ১১ শতরান করেছেন। অন্যদিকে ব্রিটিশ ব্যাটার রুট ৫৫ ইনিংসে ১০ শতরান করেন।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন স্যার গারফিল্ড সোবার্স, স্যার ভিভিয়ান রিচার্ডস এবং রিকি পন্টিং। তাঁরা প্রত্যেকেই আটটি করে শতরান করেছেন।
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, স্মিথের এই শতরানের কারণেই মেলবোর্ন টেস্টের রাশ ক্রমশ ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই টেস্ট ম্যাচের প্রথম দিন অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ৩১১ রান করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই আশা করেছিলেন যে দ্বিতীয় দিনের প্রথম সেশনে যদি অস্ট্রেলিয়ার বাকি চারটে উইকেট ভারত ৪০০ রানের মধ্যে তুলে ফেলতে পারে, তাহলেই তারা এই ম্যাচে ফিরতে পারবে। তবে দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৪৫৪ রান করে ফেলেছে।