ভিডিওর তলায় একজন ভারতীয় সমর্থক মন্তব্য করেন, ‘দেখে মনে হচ্ছে আপনাদের পরিশ্রম কাজে দিয়েছে!’ এই প্রশংসায় অবশ্য ক্রিকফিক্সের মালিক ততটা আমোদ পাননি।

শুভমান গিল
শেষ আপডেট: 21 June 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: হেডিংলে টেস্টের (Headingley) প্রথম দিন অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill) দেখা দিলেন নায়কোচিত মেজাজে। দিনের শেষে অপরাজিত যোদ্ধার মতো মাথা উঁচু করে ময়দান ছাড়ছেন যখন, নামের পাশে জ্বলজ্বল করছে ১২৭!
রক্ষণ আর আক্রমণের তালমিলে নিজের ইনিংস সাজিয়েছেন শুভমান। স্টোকসের পেসকে যেমন বাড়তি সমীহ করেননি, ঠিক তেমনই বাড়তি ঝুঁকি না নিয়েই তরতর করে সচল রেখেছেন স্কোরবোর্ড, গড়েছেন দুটি গুরুত্বপূর্ণ জুটি।
কিন্তু শতরান করলেন যে অস্ত্রে, সেই ব্যাট কিন্তু ‘অক্ষত’ নয়। ইংরেজদের বোলিং আক্রমণ কচুকাটার মাশুল নয়, তার আগেই এই ব্যাটের গায়ে পড়েছিল আঁচড়। কাল নয়, বেকেনহ্যামের প্রস্তুতি ম্যাচে!
প্রতিপক্ষ দলেরই খেলোয়াড়। আন্তঃস্কোয়াড ওয়ার্ম আপ ম্যাচ। রুদ্ধদ্বার সেই লড়াই ছিল হেডিংলে টেস্টে নামার আগে শেষ পরীক্ষা। তখনই ব্যাট করতে নেমে শুভমানের ব্যাট কিছুটা ভেঙে যায়। বদলি হিসেবে অন্য ব্যাট নিশ্চয় ভাঁড়ারে মজুত ছিল। কিন্তু দলের অধিনায়ক তাতে সায় দেননি। ‘ক্রিকফিক্স ব্যাটসার্ভিস’ নামে একটি সংস্থার দ্বারস্থ হন তিনি। কেন্টের ওই কোম্পানি ব্যাট প্রস্তুত ও সারাই করে থাকে। আপৎকালীন মেসেজ পেয়ে কর্মীরা এগিয়ে আসেন। ভাঙা ব্যাট নিয়ে যাওয়া হয় কারখানায়। তারপর সারাই-ঝালাই করে ফিরিয়ে দেন শুভমানের হাতে। যার ফল অধিনায়ক হিসেবে অভিষেকের দিনেই জমকালো শতরান।
মজার বিষয়, টিম ইন্ডিয়ার অধিনায়কের সেঞ্চুরির পর সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে। ক্রিক ফিক্সের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তা আপলোডের পর প্রচুর উৎসাহী তার তলায় মন্তব্য করেন। সেই ভিডিওতে সংস্থার মালিক ধাপে ধাপে সারাইয়ের ফর্মুলা ও পদ্ধতি বাতলে দেন।
গোড়াতেই তিনি বলেন, ‘এটা ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়কের ব্যাট। হ্যাঁ, আজ আমরা শুভমান গিলের ব্যাট ঠিক করতে চলেছি। আমাদের কাছে একটি টেক্সট মেসেজ আসে। যেখানে বলা হয়: ট্রেনিং সেশন চলাকালীন এর তলার অংশ ভেঙে গিয়েছে। আমরা যেন এসে ব্যাটটি নিয়ে যাই এবং টেস্টের আগেই ফেরৎ দিই।’
এরপর ক্ষতির ধরন বোঝাতে গিয়ে তিনি মন্তব্য করেন, ‘যেমনটা দেখছেন, মনে হচ্ছে, ট্রেনিংয়ে ইয়র্কার সামলাতে গিয়ে ব্যাটের তলা বেশ জোরে মাটিতে ঠুকেছিলেন শুভমান। যার ফলে কয়েক জায়গায় বাজেভাবে দাগ পড়েছে, কিছু অংশ ভেঙেছে। সবই আমাদের সারাতে হবে।’
হাল্কা চটে যাওয়া অংশ ঠিক করতে আঠা এবং ব্যাটের তলা, যেখানে ভাঙন ধরেছে, সেখানে স্ক্রু জুড়ে দেন কর্মীরা। হাল্কা পালিশও বাদ যায়নি। ফলে আরও চকচকে হয়ে ওঠে শুভমানের প্রিয় ব্যাট। ‘অপারেশন’ সবদিক দিয়ে ‘সফল’ করতে ব্যাটসম্যানের আর্জি মেনে তলার অংশে কাপড়ের টুকরো দিয়ে মুড়ে ফেলা হয়। এক ঝলক দেখে বোঝার উপায় নেই, এটা নতুন নয়, পুরনো ব্যাট!
ভিডিওর তলায় একজন ভারতীয় সমর্থক মন্তব্য করেন, ‘দেখে মনে হচ্ছে আপনাদের পরিশ্রম কাজে দিয়েছে!’ এই প্রশংসায় অবশ্য ক্রিকফিক্সের মালিক ততটা আমোদ পাননি। তাঁদের সারানো ব্যাট দিয়ে দেশের বোলারদের কচুকাটা করেছেন শুভমান। বেজাড় মুখে জবাব দিয়েছেন, ‘বুঝতে পারছি না, আপনার প্রশংসা শুনে আনন্দ পাব না দুঃখিত হব!’