
আউট হয়ে ফিরে যাচ্ছেন শুভমান গিল
শেষ আপডেট: 6 December 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: অ্যাডিলেডের প্রথম ইনিংসেও যে পারথ টেস্টের পুনরাবৃত্তি হচ্ছে, তা কার্যত বলা যেতেই পারে। গত ম্য়াচের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৫০ রনে অলআউট হয়ে গিয়েছিল। এখানেও সেদিকেই এগোচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ৩০.৪ ওভারে টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে সেঞ্চুরির চৌকাঠ স্পর্শ করেছে।
তবে চলতি সিরিজের প্রথম ম্য়াচে খেলতে পারেননি শুভমান গিল। ম্য়াচের আগে অনুশীলন করার সময় তিনি আঙুলে চোট পান। সেকারণে পারথের প্রথম একাদশে তাঁর জায়গা হয়নি। কিন্তু, অ্যাডিলেডে তিনি টিম ইন্ডিয়ায় আবারও ফিরে এসেছেন। তাঁর জন্যই বাদ পড়তে হয়েছে দেবদত্ত পাডিক্কলকে। কিন্তু, প্রত্যাবর্তন একেবারে স্মরণীয় করতে পারলেন না শুভমান। মাত্র ৩১ রান করেই তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
এই ইনিংসের শুরুটা বেশ দেখেশুনেই করেছিলেন শুভমান। কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে তিনি টিম ইন্ডিয়ার স্কোরবোর্ড সচল রেখেছিলেন। এমনকী, পাঁচটি বাউন্ডারিও হাঁকান তিনি। কিন্তু, এই ইনিংসটা খুব বেশি দীর্ঘায়িত করতে পারলেন না। ২১.১ ওভারে স্কট বোল্যান্ডের ডেলিভারিতে LBW হয়ে তাঁকে ফিরে যেতে হয়।
আউট হওয়ার পর চরম হতাশায় ভেঙে পড়লেন শুভমান গিল। এই উইকেটে তাঁর চোখ মোটামুটি সেট হয়েই গিয়েছিল। সবথেকে বড় কথা, টিম ইন্ডিয়ার ভিত শক্ত করার জন্য তাঁকে অ্যাডিলেডের এই উইকেটে খুবই দরকার ছিল। আর তাই আউট হওয়ার পরই শুভমানের মুখ থেকে গালাগালি বেরিয়ে আসে। স্টাম্প মাইকে সেই আওয়াজ স্পষ্ট শুনতে পাওয়া যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কিন্তু, শালীনতা বজায় রাখার জন্য এখানে সেটা দেওয়া সম্ভব হল না।