
গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল
শেষ আপডেট: 31 October 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: বেজে গেল ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ডঙ্কা। ইতিমধ্যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। একদিকে মহম্মদ সিরাজকে রিটেন করেনি আরসিবি। অন্যদিকে, দিল্লি এবং মুম্বই শিবিরে ঠাঁই হয়নি যথাক্রমে ঋষভ পন্থ এবং ঈশান কিষানের। গুজরাট টাইটান্সও ইতিমধ্যে রিটেনশন তালিকা প্রকাশ করেছে। তবে সেই তালিকায় রয়েছে একটি বিশেষ চমক।
কোন ক্রিকেটারকে কত টাকায় রিটেন করল গুজরাট টাইটান্স, আসুন সেই হিসেবটা দেখে নেওয়া যাক।
১. রশিদ খান - ১৮ কোটি
২. শুভমান গিল - ১৬.৫ কোটি
৩. সাই সুদর্শন - ৮.৫ কোটি
৪. রাহুল তেওয়াটিয়া - ৪ কোটি
৫. শাহরুখ খান - ৪ কোটি
গুজরাট টাইটান্স তাদের রিটেনশন তালিকায় শুভমান গিলকে রশিদ খানের তুলনায় প্রায় দেড় কোটি টাকা কম দিচ্ছে। তার উপরে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ভারতীয় ক্রিকেটারের নাম। সেকারণে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ মনে করতে শুরু করেছেন যে আসন্ন আইপিএল মরশুমে শুভমানকে সরিয়ে আফগান অলরাউন্ডারকেই হয়ত অধিনায়ক হিসেবে ঘোষণা করতে পারে গুজরাট।
২০২২ সালে আইপিএল টুর্নামেন্টে অভিষেক করে গুজরাট টাইটান্স। সেইসময় হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। অভিষেক মরশুমেই গুজরাট টাইটান্স আইপিএল খেতাব জয় করে। পরের মরশুমে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে তারা হেরে যায় এবং রানার্স আপ হয়। এরপর হার্দিক গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেন। সেই ক্রাইসিস মোমেন্টে শুভমানকে দলের নয়া অধিনায়ক ঘোষণা করে অহমেদাবাদের এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। কিন্তু, শুভমানের নেতৃত্বে দলটা একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। ২০২৪ সালে আইপিএল পয়েন্ট টেবিলে তারা সাত নম্বরে শেষ করেছিল। এই পরিস্থিতিতে আগামী মরশুমে গুজরাট যদি অধিনায়ক বদল করে, তাহলে আশ্চর্য্যের কিছু থাকবে না।