
শেষ আপডেট: 16 April 2024 12:26
দা ওয়াল ব্যুরো: ভারতের খেলাধুলার বাজারে আইপিএল সত্যিকারের সোনার হাঁস। প্রতি বছর আরও ফুলেফেঁপে উঠছে বিনোদনের লিগ। যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকরা প্রথম বছর কিনেছিলেন এই লিগ থেকে দল। তাঁরা এখনও বহাল তবিয়তে রয়েছেন সপ্তদশ আসরেও।
বাংলার বুকে যে জুন মাসে প্রো টি ২০ লিগ শুরু হবে, সেখানেও প্রায় একই নিয়ম কানুন বজায় থাকবে। শ্রাচী স্পোর্টস ভেঞ্চার্স এবং সার্ভোটেক পাওয়ার সিস্টেম লিমিটেড এই দুটি ফ্র্যাঞ্চাইজি এই লিগের জন্য অর্থ লগ্নি করবে। সিএবি খুশি এই দুটি বৃহৎ সংস্থা তাদের পাশে রয়েছে বলে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, আমাদের মধ্যে দৃঢ় বন্ধনের সবে সূত্রপাত হয়েছে। আমাদের ভাল কাজ করতে হবে। কী করে বাংলা থেকে আরও প্রতিভা উঠে আসবে তার একটা রূপরেখা তৈরি করে আমাদের এগোতে হবে। বাংলা ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। এই লিগের মাধ্যমে আরও প্রতিভার উন্মেষ ঘটবে।
আগামী কয়েকদিনের মধ্যেই এই মেগা লিগের মোট আটটি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষনা করা হবে। আসরে মোট ১৭ জনের ছেলেদের নিয়ে দল হবে। আর মেয়েদের জন্য ১৬ জন ক্রিকেটার বাছাই করতে হবে প্রতিটি দলের জন্য।
শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি বলেছেন, সিএবির সঙ্গে কাঁধে কাঁধ রেখে বাংলা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে হবে। এই লিগের মাধ্যমে আরও বহু প্রতিভা উঠে আসবে। সার্বিকভাবে তখনই সাফল্য আসবে যে সময় দেশের ক্রিকেটেও এই লিগ থেকে কিছু প্রতিভা দেওয়া সম্ভব হবে। এই লিগের মধ্যে দিয়ে বাংলা ক্রিকেটের গ্রাসরুট স্তরেও ব্যাপক উন্নতি হবে আশা করা যায়।
শার্ভোটেক পাওয়ার সিস্টেম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রামন ভাটিয়া জানান, আমাদের স্বপ্নকে উসকে দিয়েছে সিএবি।তারা আমাদের সুযোগ দিয়েছে। এই লিগ থেকে শুধু অনেক প্রতিভা উঠে আসবে। আমরা সত্যিই খুব গর্বিত সিএবির সঙ্গে ভাল কাজে ব্রতী হতে পেরেছি বলে। অভিষেক মরশুমে মোট ৩১টি ম্যাচ আয়োজিত হবে।