
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের
শেষ আপডেট: 20 November 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: যত দিন এগোচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা ক্রমশ বাড়তে শুরু করেছে। বিসিসিআই এবং পিসিবি কিছুতেই সহমত পোষন করছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পষ্ট বক্তব্য, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য টিম ইন্ডিয়া কখনই পাকিস্তান যাবে না।
অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও নিজেদের সিদ্ধান্তে অনড়। পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই আয়োজন করা হবে। ইতিমধ্যে আগামী বছর আয়োজিত এই টুর্নামেন্ট নিয়ে শোয়েব আখতারের একটি চাঞ্চল্যকর মন্তব্য সামনে এসেছে।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বললেন, 'ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে আসবেন কি না, সেটা পুরোপুরি ওদের কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে। এরমধ্যে বিসিসিআই-এর কোনও হাত নেই। পুরো বিষয়টাই বিজেপি সরকারের উপর নির্ভর করছে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ব্যাপারটা কীভাবে সমাধান করা যায়, সেটাই আপাতত আমাদের দেখা উচিত। আমরা সবাই জানি, ৯৫-৯৮ শতাংশ স্পনসরশিপ ভারতের থেকেই পায় আইসিসি। যদি পাকিস্তান একান্তই টিম ইন্ডিয়াকে আসার জন্য রাজি না করাতে পারে, সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে।'
পাকিস্তানের প্রাক্তন এই ফাস্ট বোলারের কথায়, 'স্পনসরশিপ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রায় ১০০ মিলিয়ন ডলার লোকসান করতে পারে। এই আর্থিক পরিমাণ আইসিসি দেবে আয়োজক দেশকে। অন্যদিকে, ভারত যদি খেলতে আসে, তাহলে তো আর কোনও কথাই নেই। কিন্তু, গোটা বিষয়টাই ওদের সরকারের উপর নির্ভর করবে। এক্ষেত্রে বিসিসিআই-এর কোনও ভূমিকা নেই।'
সংবাদমাধ্যম সূত্রের খবর, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে পাকিস্তান হাত গুটিয়ে নেয়, সেক্ষেত্রে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ভারত পেতে পারে। পিসিবি হুমকি দিয়েছে, ভারত যদি এই টুর্নামেন্ট খেলার জন্য পাকিস্তান না যায়, তাহলে তারাও নিজেদের এই টুর্নামেন্ট থেকে নিজেদের বহিস্কৃত করবে।
এদিকে আবার শোনা যাচ্ছে, টুর্নামেন্টের আসর নাকি দক্ষিণ আফ্রিকাতেও সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। বিসিসিআই জানিয়ে দিয়েছে, যদি ভারতের ম্য়াচগুলো সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়, তাহলেই একমাত্র খেলা সম্ভব। যদিও পিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হবে না।