
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান
শেষ আপডেট: 26 September 2024 13:25
দ্য ওয়াল ব্যুরো: কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার শিখর ধাওয়ান? বুধবার এই ব্যাপারেই মুখ খুললেন তিনি। বললেন, ঘরোয়া ক্রিকেট খেলার আর কোনও ইচ্ছে তাঁর নেই। আর সেকারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রসঙ্গত, শিখর ধাওয়ান বর্তমানে ৩৮ বছর বয়সে পা রেখেছেন। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি টিম ইন্ডিয়ার হয়ে ৩৪ টেস্ট, ১৬৭ ওয়ানডে এবং ৬৮ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। গত অগাস্ট মাসের শেষে তিনি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।
একটি সংবাদসংস্থাকে দেওয়া ইন্টারভিউয়ে শিখর বললেন, 'ঘরোয়া ক্রিকেট খেলতে আমার আর ভাল লাগছিল না। ১৮ কিংবা ১৯ বছর বয়স থেকে আমি ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেছিলাম। কিন্তু, আমার মনের মধ্যে আর ঘরোয়া ক্রিকেট খেলার কোনও ইচ্ছেই নেই।'
সম্প্রতি লিজেন্ডস লিগ ক্রিকেটের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই শিখর ধাওয়ান এই কথাটি বলেন। ভারতীয় ক্রিকেটের গব্বর আরও যোগ করেছেন, 'যদি পিছন ফিরে তাকাই, তাহলে দেখা যাবে যে গত ২ বছরে আমি কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলিনি। কেবলমাত্র আইপিএল টুর্নামেন্টই খেলেছি। তাই শেষপর্যন্ত অবসরের সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।'