‘শুধু বলতে চাই যে, নির্বাচন আমার হাতে নয়। এটা নির্বাচন কমিটি, কোচ এবং অধিনায়কের কাজ।’

মহম্মদ সামি
শেষ আপডেট: 9 October 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কয়েকমাস বাইরে রয়েছেন ভারতের পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও এরপর তাঁকে আইপিএল ও বাংলার হয়ে ঘরোয়া ট্রফিতে খেলতে দেখা গিয়েছে। তবে জাতীয় দলের নির্বাচকদের কাছে তিনি ব্রাত্যই রয়ে গিয়েছেন।
এদিকে বিসিসিআই জানিয়েছে, সামির চোট সমস্যা রয়েছে, তাই তাঁকে ভাবা হচ্ছে না। এদিকে, অস্ট্রেলিয়া সফরের (Australia Tour) জন্য সামি টিম ইন্ডিয়া স্কোয়াডে জায়গা না পাওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা চলছে, তাহলে কি বাংলার এই ফাস্ট বোলারের আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে? এবার, অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়ার বিষয়ে প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন (Breaks Silence) সামি।
মহম্মদ সামি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, “অনেক গুজব এবং মিম ঘুরছে। মানুষ জানতে চায় কেন আমাকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নির্বাচিত করা হয়নি। আমি শুধু বলতে চাই যে, নির্বাচন আমার হাতে নয়। এটা নির্বাচন কমিটি, কোচ এবং অধিনায়কের কাজ। যদি তাঁরা মনে করেন, আমার দলে থাকা উচিত, তাঁরা আমাকে ডাকবেন। যদি তাঁরা মনে করেন আমার আরও সময় প্রয়োজন, সেটাও তাঁদের সিদ্ধান্ত। আমি প্রস্তুত এবং নিয়মিত অনুশীলন করছি।”
নিজের ফিটনেস নিয়েও মুখ খুলেছেন সামি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে ৩০০-এর বেশি উইকেটের মালিক বলেছেন, "আমার ফিটনেসও ঠিক আছে। মাঠের বাইরে থাকাকালীন অনুপ্রাণিত থাকা গুরুত্বপূর্ণ। আমি দলীপ ট্রফিতে খেলেছি, এবং সেখানে আমি সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমি ভাল ছন্দে ছিলাম এবং প্রায় ৩৫ ওভার বল করেছি। ফিটনেসের কোনও সমস্যা নেই।"
রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অপসারণ এবং শুভমান গিলকে নতুন অধিনায়ক হিসাবে নিয়োগের বিষয়েও শামি তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই প্রশ্নটি নিয়েও অনেক মিম তৈরি হচ্ছে। আমার মনে হয় না কারওরই এতে আপত্তি করা উচিত। এই সিদ্ধান্ত বিসিসিআই, নির্বাচক এবং কোচদের উপর নির্ভর করে। শুভমান ইংল্যান্ডে ভারতের অধিনায়কত্ব করেছেন এবং গুজরাত টাইটানসেরও অধিনায়ক, তাই তাঁর অভিজ্ঞতা আছে। এই দায়িত্ব কাউকে না কাউকে দেওয়া উচিত ছিল। তাই বিসিসিআই শুভমানকে বেছে নিয়েছে। আমাদের এটা মেনে নেওয়া উচিত। মানুষের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এটা আমাদের হাতে নেই। আজ একজন অধিনায়ক আছেন, আগামীকাল অন্য কেউ থাকবেন, ক্রিকেটের এই চক্র চলতেই থাকবে।”