.jpg)
কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান
শেষ আপডেট: 25 November 2024 10:52
দ্য ওয়াল ব্যুরো: চলছে আইপিএল ২০২৫ মেগা অকশন। ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রথম দিনের নিলাম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত খরচ হয়েছে মোট ৪৬৭.৯৫ কোটি টাকা!
পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। প্রথম দিনের শেষে কলকাতা নাইট রাইডার্সের কাছে মোট ১৩ ক্রিকেটার রয়েছে। এরমধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটার। পাশাপাশি তাদের মানিব্যাগে আপাতত ১০ কোটি ৫ লাখ টাকা পড়ে রয়েছে। সোমবার অর্থাৎ নিলামের দ্বিতীয় দিন এই টাকা কেকেআর ব্রিগেড কীভাবে খরচ করে, সেটাই এখন দেখার।
ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য ভাইরাল হতে শুরু করেছে। মন্তব্যটি করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের স্থপতি ললিত মোদী। তাঁর কথায়, শাহরুখ খান নাকি কলকাতা নাইট রাইডার্স দল কিনতেই চাননি। মন্তব্যটি ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে।
সম্প্রতি রাজ শামানির একটি পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন ললিত মোদী। সেখানে তিনি বলেন, আইপিএল টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল, তখন যে কেউ যে কোনও দলের জন্য বিড করতে পারত। সেইসময় শাহরুখ খান মুম্বই এবং অহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য বেশি আগ্রহী ছিলেন। কিন্তু, নিলাম দরে তিনি অন্যদের সঙ্গে এঁটে উঠতে পারেননি। শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্স নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়।
ললিত মোদীর কথায়, শাহরুখ খানের প্রথম পছন্দ ছিল মুম্বই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু, মুকেশ আম্বানি তা কেড়ে নেন। এরপর শাহরুখের দ্বিতীয় পছন্দ ছিল বেঙ্গালুরু (তৎকালীন ব্যাঙ্গালোর)। কিন্তু, সেটাও বিজয় মালিয়া নিয়ে নেন। তৃতীয় পছন্দ ছিল দিল্লি। কিন্তু, সেটাও শেষপর্যন্ত হাতছাড়া করেন শাহরুখ।
ললিত আরও যোগ করেন, শাহরুখ খান ৭০-৮০ মিলিয়ন বিড করেছিলেন। তবে এই শহরগুলোর বিডিং প্রাইস ছিল ১০০ মিলিয়নের উপরে। সেই জায়গায় কলকাতার বিড প্রাইস ছিল ৮৫-৮৭ মিলিয়ন। শেষপর্যন্ত শাহরুখ সাফল্য অর্জন করেন।
ললিত মোদীর কথায়, আইপিএল টুর্নামেন্টের সাফল্যে শাহরুখের অবদান অনস্বীকার্য। তাঁকে দেখার জন্যই মহিলা এবং বাচ্চারা মাঠে আসে। টুর্নামেন্টের ভিউয়ারশিপে এর গুরুত্ব ছিল অপরিসীম।