
সরফরাজ খান এবং অর্জুন তেন্ডুলকর
শেষ আপডেট: 27 November 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম বেশ জমজমাটি হয়েছে। ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিলাম টেবিলে যেমন একাধিক ক্রিকেটার অপ্রত্যাশিত টাকা পেয়েছিল, তেমন অনেকেই আবার প্রতিভা থাকা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইদের মন কাড়তে পারেননি। আর এই দ্বিতীয় তালিকায় নাম রয়েছে সরফরাজ খানের।
সরফরাজ খান। ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে শতরানও করেছিলেন তিনি। এর আগে ঘরোয়া ক্রিকেটেও ছুটিয়েছেন রানের বন্যা। কিন্তু, আগামী আইপিএল টুর্নামেন্টে তাঁকে দেখতে পাওয়া যাবে না। কারণ, ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই সরফরাজকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি।
২০১৫ সালে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাত ধরে আইপিএল যাত্রা শুরু করেছিলেন সরফরাজ খান। সেইসময় আইপিএল টুর্নামেন্টে কনিষ্ঠতম ক্রিকেটার ছিলেন তিনি। কিন্তু, তিন মরশুমে ধারাবাহিকভাবে সুযোগ পাননি।
এরপর পঞ্জাব কিংসেও তাঁকে একই সমস্যার মুখে পড়তে হয়। তিন বছরে মাত্র কয়েকটা ম্য়াচই তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। দিল্লি ক্যাপিটালসে ২ মরশুম থাকলেও, সেভাবে সুযোগ পাননি তিনি। আইপিএল টুর্নামেন্টে তিনি মোট ৫০ ম্য়াচে ১৩০.৫৮ স্ট্রাইক রেটে ৫৮৫ রান করেন।
অন্যদিকে, ২০২১ সালে ২০ লাখ টাকায় অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু, চোটের কারণে ওই মরশুম থেকে ছিটকে যান তিনি। তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স সিমরনজিৎ সিংকে নিয়েছিল।
তবে অর্জুনের উপর ভরসা রাখে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২ সালের আইপিএল নিলামে ৩০ লাখ টাকায় তাঁকে দলে নেওয়া হয়েছিল। অবশেষে ২০২৩ সালে আইপিএল ডেবিউ হয় অর্জুনের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারকে আউট করে তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। ওই ম্য়াাচে মুম্বই ইন্ডিয়ান্স ১৪ রানে জয়লাভ করেছিল। ২০২৩ আইপিএল মরশুমে অর্জুন মাত্র তিনটেই উইকেট শিকার করেছিলেন। ২০২৪ সালেও তাঁকে রিটেন করা হয়।
এরপরও সোমবার (২৫ নভেম্বর) আইপিএল নিলামের শেষ রাউন্ডে অর্জুন তেন্ডুলকরকে ঘরে ফিরিয়ে আনে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ব্যাপারটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ একেবারে ভালভাবে গ্রহণ করতে পারেননি।
তাঁদের দাবি, অর্জুনের থেকে সরফরাজের প্রতিভা অনেকটাই বেশি। জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্যও। ঘরোয়া ক্রিকেটে রানের পাশাপাশি সম্প্রতি শতরানও করেছেন তিনি। তাহলে কোন আক্কেলে সরফরাজকে আইপিএল খেলার সুযোগ দেওয়া হল না।
তবে অনেকে আবার মনে করছেন, অর্জুনকে নেহাতই নেট বোলার হিসেবে ব্যবহার করার জন্য মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে। দলের প্রথম একাদশে ওঁকে নিয়ে আসা হবে না। এই পরিস্থিতিতে অপেক্ষা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। তবে যদি অর্জুনকে সুযোগ দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই সদ্ব্যবহার করতে হবে।