
সারা তেন্ডুলকর
শেষ আপডেট: 3 April 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: এবার ডিজিটাল ক্রিকেট যুদ্ধে নাম লেখালেন শচিন-কন্যা সারা তেন্ডুলকর। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি টিম মুম্বইয়ের নতুন মালিক হয়েছেন তিনি।
গত বছর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। এ বছর দ্বিতীয় সিজনে পা দিয়েছে। বিশ্বের অন্যতম ই-ক্রিকেট ও এন্টারটেনমেন্ট লিগ হিসেবে ইতিমধ্যে যথেষ্ট পরিচিতি পেয়েছে জিইপিএল। ডিজিটাল ক্রিকেট টুর্নামেন্টটি পরিচালনা করে রিয়াল ক্রিকেট। যা এখনও পর্যন্ত ৩০ কোটি ডাউনলোডের সীমা ছাড়িয়েছে। প্রথম সিজনেই ২ লক্ষ প্রতিযোগী রেজিস্ট্রেশনের মাধ্যমে টুর্নামেন্টে অংশ নেন। দ্বিতীয় মরশুমে তা এখনও পর্যন্ত ৯ লক্ষ ১০ হাজারের গণ্ডী অতিক্রম করেছে।
শুধু প্রতিযোগীদের নিরিখেই নয়। তা দেখার হিসেবেও রেকর্ড ছুঁয়েছে এই ই-যুদ্ধ। সম্প্রচারকারী চ্যানেল স্পোর্টস১৮ এবং অ্যাপ জিওসিনেমার মাধ্যমে ৭ কোটি মানুষ তা উপভোগ করেছেন। স্ট্রিমিংয়ের সময়সীমাও ২৪ লক্ষ মিনিট ছাড়িয়েছে।
এই প্রসঙ্গে মুম্বইয়ের কুর্সিতে বসে সারা বলেছেন, ‘আমাদের পরিবারের অন্যতম অঙ্গই হচ্ছে ক্রিকেট। ই-স্পোর্টসে এর সম্ভাবনাও যথেষ্ট রয়েছে। জিইপিএলে মুম্বই ফ্যাঞ্চাইজির মালিকানা পাওয়ার অর্থ স্বপ্ন সত্যি হওয়া। প্রতিভাবান একটি দলের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আমি যথেষ্ট খুশি।‘