
ঝকঝকে হাফসেঞ্চুরি স্যাম কনস্টাসের
শেষ আপডেট: 26 December 2024 06:22
দ্য ওয়াল ব্যুরো : কে বলবে, টেস্ট ক্রিকেটে সবেমাত্র পা রেখেছেন? মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাস যেভাবে ব্যাট করছেন, তার সামনে ভারতীয় বোলারদের কার্যত দিশেহারা দেখাচ্ছে। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।
এই ম্যাচে কনস্টাস একেবারে ভিন্ন গ্রহের ক্রিকেট খেলছেন, তা বলা যেতেই পারে। নাহলে যে বুমরাহ গোটা সিরিজে বুক ফুলিয়ে দাপট দেখিয়েছেন, তাঁকেই এই তরুণ অজি ওপেনার সুইচ হিটে ছক্কা হাঁকাচ্ছেন। বলা ভাল, ১৯ বছর বয়সি এই ক্রিকেটার মাঠের প্রতিটা কোনায় শট হাঁকিয়েছেন। আর সেকারণেই মাত্র ৫২ বলে টি-২০ মেজাজে হাফসেঞ্চুরি করলেন। কনস্টাসের এই ইনিংসে ৫ চার এবং ২ ছক্কা রয়েছে।
প্রসঙ্গত, এই টসে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। টস হারার পর রোহিত শর্মা বললেন, 'এই টস জিতলে আমিও প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতাম। তবে এই উইকেট দেখে বেশ ভাল লাগছে। এই উইকেটে আমাদের যথেষ্ট ভাল বোলিং করতে পারে। আপাতত এই সিরিজটা ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। এই সিরিজে আমরা এখনও পর্যন্ত যথেষ্ট লড়াই করেছি।'
Sam Konstas is enjoying the 'Test Cricket' for sure.
— Rafi (@rafi4999) December 26, 2024
•Asking crowd to fire up
•He has literally toyed with Bumrah.
•He did give it back to Siraj when words thrown at him.
•Got triggered when Virat messed with him.
pic.twitter.com/sjC3fQzUHp
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, অস্ট্রেলিয়ার টস জয় টিম ইন্ডিয়ার কাছে একপ্রকার ভালই হয়েছে। তাঁদের কথায়, গতবার যখন মেলবোর্নে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল, সেইসময়ও অজিরা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা ওই ম্যাচ হেরে যায়। কিন্তু, কনস্টাস আপাতত যে ব্যাটিং ফর্মে রয়েছেন, তা দেখে এই মতামত কতটা যুক্তিগ্রাহ্য, সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।