
কেরালার ব্যাটার সলমান নিজার
শেষ আপডেট: 29 November 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো : গোটা ইনিংসে ধামাকাদার ব্যাটিং করলেও, অল্পের জন্য সেঞ্চুরিটা মিস করলেন সলমান নিজার। নামটা আপনাজের অনেকের কাছেই হয়ত অপরিচিত হতে পারে। কিন্তু, চলতি সৈয়দ মুস্তাক ট্রফিতে ভারতের এই ব্যাটার যে তাণ্ডবলীলা চালিয়েছেন, তা ইতিমধ্যে দেশের ক্রিকেট সমর্থকদের নজর কেড়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে নেমেছে মুম্বই এবং কেরালা। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বইয়ের সামনে ২৩৫ রানের টার্গেট রাখে কেরালা। দক্ষিণ ভারতের এই ক্রিকেট দলের হয়ে শুরুটা বেশ ভালই করেছিলেন রোহন কুন্নুম্মাল। মাত্র ৪৮ বলে ৮৭ রান করলেন তিনি। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যেতে হয় সচিন বেবিকে।
সচিন প্যাভিলিয়নে ফিরতেই মাঠে নামেন সলমান নিজার। চোখের নিমেষে তিনি এই ম্য়াচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ৪৯ বলে অপরাজিত ৯৯ রান করেন। তাঁর ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে শতরান করার আগেই ইনিংস শেষ হয়ে যায়। সলমানের এই ইনিংসে ৫ বাউন্ডারি এবং ৮ ছক্কা রয়েছে। এই বিধ্বংসী ইনিংস দেখার পর ইতিমধ্যে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বই অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। ১৪.২ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে। এই ম্য়াচে কেরালা শেষপর্যন্ত জয়লাভ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।