
জোরকদমে চলছে আইপিএল নিলাম অনুষ্ঠান
শেষ আপডেট: 25 November 2024 18:21
দ্য ওয়াল ব্যুরো : আইপিএল মেগা অকশনের দ্বিতীয় দিন আপাতত মধ্য গগনে। ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের ভাগ্য উজ্জ্বল হয়েছে, তেমন অনেকেই রয়ে গিয়েছেন আনসোল্ড। সেই 'অবিক্রীত' তালিকায় এবার নাম জুড়ল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার সাকিব হুসেনের।
সাকিব হুসেন। বিহারের ক্রিকেটার। ২০২৪ সালে আয়োজিত আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিয়েছিল। কিন্তু, একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। শেষপর্যন্ত, গত ৩১ অক্টোবর তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছে। এবারও আইপিএল অকশনে তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু, প্রাথমিকভাবে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ দেখায়নি।
ইতিমধ্যে আটজন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁরা হলেন ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, রোভম্যান পাওয়েল এবং মায়াঙ্ক মার্কণ্ডে।
এরমধ্যে ভেঙ্কটেশের জন্য়ই সবথেকে বেশি টাকা (২৩.৭৫ কোটি) খরচ করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের মানিব্যাগে আপাতত ৮ কোটি ৫৫ লাখ টাকা রয়েছে। বাকি টাকা দিয়ে কোন কোন ক্রিকেটারকে দলে নেয়, সেটাই এখন দেখার।