
ফাইল ছবি
শেষ আপডেট: 28 April 2025 23:25
দ্য ওয়াল ব্যুরো: আজ পিঙ্ক সিটিতে মরুঝড় নয়, ১৪ বছরের এক কিশোরের তাণ্ডবলীলা দেখা গেল। ক্রিকেট বিশ্বে আরও এক তারকার জন্ম হল। তবে এত কম বয়সে বাইশ গজে এমন দাপট হয়ত আগে দেখা যায়নি।
অভিষেক ম্যাচেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি বিশেষ কেউ। এবার সেঞ্চুরি করে নিজের নাম বিশ্বের দরবারে তুললেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বয়স ১৪ হলেও তেজ একেবারে সূর্যের মতোই। ছক্কা মেরে শতরান, মাত্র ৩৫ বলে! কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলে শতরান, দ্বিতীয় দ্রুততম টুর্নামেন্টে। তাঁর ঝড়ে ম্লান শুভমন গিল-যশস্বী জয়সওয়ালদের ব্যাটিং।
সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫০ বলে ৮৪ রান করেন গুজরাট টাইটান্স অধিনায়ক। ভাল খেলেন সাই সুদর্শনও (৩০ বলে ৩৯)। জস বাটলার রীতিমতো ঝড় তোলেন। তিনি ২৬ বলে অপরাজিত ৫০ রান করেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে গুজরাট।
জবাবে ৩৮ বলে ১০১ রান করে আউট হন বৈভব। তবে যশস্বী ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন (৪০ বলে ৭০)। সঙ্গে অপরাজিত ছিলেন অধিনায়ক রিয়ান পরাগ। ২ উইকেট খুইয়ে এই রান তুলে রাজস্থান। তবে ২১০ রান তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতছে কোনও দল, এটা সত্যিই আইপিএলে বিরল দৃশ্য।
১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল অভিষেক করে তিনি আগেই রেকর্ড করেছিলেন। এখনও পর্যন্ত টুর্নামেন্টের কনিষ্ঠতম ক্রিকেটার বৈভবই। তবে সোমবার যা করলেন তা হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করেননি। মাত্র ৩৫ বলে শতরান এল তাঁর ব্যাট থেকে! আইপিএলে সবথেকে কম বলে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হয়ে গেলেন তিনিই। সামগ্রিকভাবে সবচেয়ে কম বলে শতরান করা ব্যাটারের নাম ক্রিস গেইল (৩০ বল)। সোমবার ৩৫ বলে ১০০ রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম লেখালেন বৈভব সূর্যবংশী।