6.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 2 January 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো : ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে শেষপর্যন্ত বর্ডার-গাভাসকার ট্রফির শেষ ম্যাচ থেকে বাদ পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। যদিও আপাতত বলা হচ্ছে যে তাঁকে নাকি বিশ্রাম দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সিরিজের শেষ ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিডনি টেস্টে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হবে। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট দলে আসবেন শুভমান গিল। ইনিংস ওপেন করবেন কেএল রাহুল। আর আকাশ দীপের পরিবর্তে দলে আসবেন প্রসিদ্ধ কৃষ্ণা।
পাশাপাশি ওই প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে, রোহিত শর্মাই নাকি ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দুই পক্ষের সম্মতিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এটাই যদি সত্যি হয়, তাহলে মেলবোর্ন টেস্টই হয়ত রোহিতের কেরিয়ারে শেষ টেস্ট ম্যাচ হিসেবে লেখা হয়ে থাকবে। এমনকী, টিম ইন্ডিয়া যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ওঠে, তাহলেও আর রোহিতকে হয়ত টিম ইন্ডিয়ায় দেখতে পাওয়া যাবে না। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ভারতীয় ক্রিকেট দলের সামনে যথেষ্ট কঠিন।
মেলবোর্ন টেস্ট ম্যাচে শুভমান গিলকে ড্রপ করা হলেও, সিডনি টেস্টে তাঁকে রোহিত শর্মার জায়গায় দেখতে পাওয়া যাবে। তিনি তিন নম্বরে ব্যাট করতে নামবেন। অন্যদিকে, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করবেন কেএল রাহুল। আপাতত ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেট দলে নিজের জায়গাটা ধরে রেখেছেন।