
বিরাট কোহলি এবং রোহিত শর্মা
শেষ আপডেট: 24 October 2024 12:25
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন, বলা ভালো করলেন না, যা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
আসলে, একটি DRS-এর সিদ্ধান্ত নিয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে সামান্য মতপার্থক্য দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত, দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া আপাতত একটি DRS হারিয়ে হাত কামড়াচ্ছে। ম্যাচের প্রথম দিন রবীন্দ্র জাদেজার বলে নিউজিল্যান্ডের ফর্মে থাকা ওপেনার ডেভন কনওয়ের বিরুদ্ধে এই রিভিউ নিয়েছিলেন রোহিত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কিউয়ি স্কিপার টম লাথাম টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন লাথাম এবং কনওয়ে।
দেখুন : কীভাবে বিরাটের আবেদন অমান্য করলেন রোহিত শর্মা?
— Kirkit Expert (@expert42983) October 24, 2024
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৫ ওভারের প্রথম বলেই এই ঘটনাটি ঘটেছে। বিরাট কোহলি পরামর্শ অগ্রাহ্য করেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। রবীন্দ্র জাদেজা একেবারে ফ্ল্যাট-লেংথ ডেলিভারি করেছিলেন। স্পষ্ট দেখা যাচ্ছিল, বলটা নিশ্চিতভাবে লেগ স্টাম্প মিস করছিল। এরপরই রোহিতের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে।
ইতিমধ্যে প্রথম দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ড এখনও পর্যন্ত জোড়া উইকেট হারিয়ে ৯২ রান করেছে। আপাতত উইকেটে রয়েছেন ডেভন কনওয়ে (৪৭) এবং রাচিন রবীন্দ্র (৫)। টিম ইন্ডিয়ার হয়ে জোড়া উইকেটই শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন।