
রোহিত শর্মা।
শেষ আপডেট: 30 June 2024 07:16
দ্য ওয়াল ব্যুরো: খেলা শেষের পরেও ফুঁপিয়ে কাঁদছিলেন। কান্না থামছিল না। কোলে মেয়েকে নিয়ে সারা মাঠ চক্কর খাচ্ছিলেন কাপ জয়ের পরে। সব সতীর্থ তাঁকে এসে জড়িয়ে ধরছিলেন, তাতে আরও আবেগরুদ্ধ হয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা।
কিছুক্ষণ আগেই টি ২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তিনি ট্রফি নেওয়ার সময় কিছু জানাননি। সেইসময় সঞ্চালককে কাপ জয়ের নেপথ্য কাহিনি বলছিলেন। কিন্তু বার্বেডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালের প্রেস কনফারেন্স রুম একটা ঘোষণায় নিশ্চুপ হয়ে গেল। সেইসময় ভারতের গর্বিত অধিনায়ক রোহিত জানিয়ে দিলেন, ‘‘আর নয়, এটাই আমার শেষ টি ২০ ম্যাচ ছিল দেশের হয়ে, আর আমি টি ২০ খেলব না। এর চেয়ে ভাল অবসরের সময় আর হবে না।’’
রোহিত এটাও বললেন, ‘‘আমি এই কারণেই কাপ জয়ের জন্য মরিয়া ছিলাম। একটা সময় দক্ষিণ আফ্রিকা যখন ভাল অবস্থায় ছিল, নিজের মনকে বলছিলাম পারতেই হবে আমাদের। ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, তিনি আ মাদের কথা শুনেছেন, আমাদের স্বপ্ন সফল করেছেন।’’
বিশ্বকাপ জিতে উঠে ভারতের তিন নম্বর বিশ্বজয়ী (কপিল, ধোনির পরেই) অধিনায়ক বলেছেন, ‘‘গত তিন-চার বছর ধরে আমরা সবাই খুব পরিশ্রম করেছি, সঙ্গে ছিলেন আমাদের কোচ রাহুল ভাই। তিনিও আজ খুব খুশি। জানতাম, একদিন এমন দিন আসবে। তাই ওয়ান ডে বিশ্বকাপ জিতেও আমরা সকলে ঠিক করেছিলাম চেষ্টার কোনও ত্রুটি রাখব না। আমাদের পারতেই হবে, এই ভাবনা সকলের মধ্যে ছিল বলেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’’
এই দলের প্রতিটি সদস্যের জন্য যে তিনি গর্বিত, সেটি বলতে গিয়ে চোখের কোন চিকচিক করছিল রোহিতের। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হিটম্যানের বক্তব্য, ‘‘আমরা বারবার সফলও যেমন হয়েছি, তেমনি হেরেছিও। হার আমার কাছে শিক্ষার। হার থেকে শিক্ষা নিয়েছি বলেই আজ এই দিনটা এসেছে। অনেকদিন পরে আমরা সবাই ভাল করে ঘুমাবো। অনেক রাত আমি জেগে কাটিয়েছি।’’