
দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা
শেষ আপডেট: 1 December 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে আরও একবার রোহিত শর্মাকে দেখতে পাওয়া যাবে।
সম্প্রতি তাঁর পরিবারে এসেছে এক নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। সেকারণে পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে তিনি খেলতে পারেননি। এবার প্রকাশ্যে এল রোহিত শর্মার ছেলের নাম। রোহিত তাঁর পুত্রসন্তানের নাম অহন রেখেছেন। বিরাট কোহলির ছেলে অকায়ের সঙ্গে এই নামের যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়।
রোহিত শর্মা ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলার জন্য পৌঁছে গিয়েছেন। অন্যদিকে, তাঁর স্ত্রী রিতিকা সাজদেহ একটি ইনস্টা স্টোরি শেয়ার করেছেন। সেই পোস্টের মাধ্যমেই তিনি ছেলের নাম প্রকাশ্যে এনেছে।
আসন্ন বড়দিন উপলক্ষ্যে রিতিকা পরিবারের একটি ছবি পোস্ট করেছেন। এই ছবিতে তিনি রোহিতকে রো, রিতিকারে রিৎজ, মেয়ের নাম স্যামি এবং ছেলের নাম অহন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি ক্রিসমাসের হ্যাশট্যাগও দিয়েছেন।
নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর রোহিত শর্মা ঘোষণা করে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে টেস্ট ম্য়াচটা তিনি খেলতে পারবেন না। যদিও সেইসময় রোহিত জানিয়েছিলেন যে নেহাতই ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিতে চান। তবে তাঁর দ্বিতীয় সন্তানের খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্য়াচ। অ্য়াডিলেডে আয়োজিত দিন-রাতের এই টেস্ট ম্য়াচটি গোলাপি বলে খেলা হবে। এই টেস্ট ম্য়াচেই মাঠে নামবেন হিটম্য়ান।
রোহিতের অনুপস্থিতিতে পারথ টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করেছিলেন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। রোহিত ফেরার পর দলের ওপেনিং কম্বিনেশন কী হয়, সেটাই আপাতত দেখার।