1.jpg)
শেষ আপডেট: 1 January 2025 11:26
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে আপাতত আলোচনা তুঙ্গে। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর ক্যাপ্টেন্সিও যেন রাহুর গ্রাসে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী সিডনি টেস্টের পরই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন।
এই পরিস্থিতিতে আসুন দেখে নেওয়া যাক, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার রেকর্ড ঠিক কেমন? টিম ইন্ডিয়াকে ২৪ টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। এরমধ্যে ভারত ১২টি ম্যাচে জয়লাভ করেছে। ৯টি হেরেছে এবং তিনটে ম্যাচ ড্র হয়েছে। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার জয়ের শতকরা হার ৫০ শতাংশ। ভারতীয় ক্রিকেট দলের যে অধিনায়করা ১০ কিংবা তার বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রোহিতের নাম।
অধিনায়ক হিসেবে ২০২৪ সালে রোহিত শর্মা সবথেকে স্মরণীয় টেস্ট সিরিজ জয় করেছিলেন। দেশের মাটিতে টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। দেশের তুলনায় অ্যাওয়ে টেস্ট সিরিজে রোহিতের ক্যাপ্টেন্সি একেবারে নজর কাড়তে পারেনি। আটটি টেস্ট ম্যাচের মধ্যে ভারত মাত্র দুটোয় জয়লাভ করেছে। দুটো ড্র করেছে। আর বাকি চারটে হেরে গিয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। লর্ডসে আয়োজিত ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। যদিও সেই ম্যাচে ভারত হেরে যায়।
রোহিতের টেস্ট ক্যাপ্টেন্সির সবথেকে খারাপ সময় এসেছিল ২০২৪ সালের শেষদিকে। ১২ বছর পর ঘরের মাটিতে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ হতে হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে পরাস্ত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল।